Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাত টাইটান্সের সহজ জয়ে নায়ক গিল ও রশিদ

পয়েন্ট তালিকার দু’নম্বরে ওঠার হাতছানি ছিল উভয় দলের কাছেই। আর সেই লক্ষ্যে সফল গুজরাত টাইটান্স। শনিবার রাজস্থান রয়্যালসকে ৭৭ রানের বড়ো ব্যবধানে বশ মানাল গুজরাত।

গুজরাত টাইটান্সের সহজ জয়ে নায়ক গিল ও রশিদ
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬

জয়পুর: পয়েন্ট তালিকার দু’নম্বরে ওঠার হাতছানি ছিল উভয় দলের কাছেই। আর সেই লক্ষ্যে সফল গুজরাত টাইটান্স। শনিবার রাজস্থান রয়্যালসকে ৭৭ রানের বড়ো ব্যবধানে বশ মানাল গুজরাত। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। দুরন্ত জয়ের দুই নায়ক শুভমান গিল ও রশিদ খান। ২২৯ রান তাড়া করতে নেমে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় বৈভবরা।

Advertisement

শুরুটা ঝড়ের গতিতে করেছিল গুজরাত। প্রথম ওভারে ওঠে ১৮। চতুর্থ ওভারে আসে ১৫ রান। পাওয়ার প্লে’র ছয় ওভারের শেষ বিনা উইকেটে ৮২ ছিল স্কোর। সাই সুদর্শনের সঙ্গে ক্রিজে ঝড় তুলছেন গিল। প্রথম উইকেটে শেষ পর্যন্ত ওঠে ১১৮। সুদর্শন ৩৬ বলে করেন ৫৫। তাতে ছিল ছয়টি চার ও দুটো ছক্কা। জস বাটলার (১৩) অবশ্য বেশিক্ষণ থাকেননি। গিল যেভাবে খেলছিলেন, শতরান পেতেই পারতেন। কিন্তু ৪৪ বলে ৮৪ রানে ফেরেন তিনি। নয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান টাইটান্স ক্যাপ্টেন। কিন্তু ব্রিজেশ শর্মাকে স্কুপ মারতে গিয়ে আউট হন তিনি। ১০ ইনিংসে ৪৬২ রান হয়ে গেল গিলের। অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে আপাতত চারে তিনি। এই দৌড়ে প্রবলভাবে হাজির সুদর্শনও। বাঁ-হাতি ওপেনারের সংগ্রহ ৪৪০ রান। বৈভবও থামলেন ৪৪০ রানে। গিলের ঠিক পরেই রয়েছেন দু’জনে।
গুজরাতকে ২২৯ রানে পৌঁছে দেন ওয়াশিংটন সুন্দর (অপরাজিত ৩৭) ও রাহুল তেওয়াটিয়া (অপরাজিত ১৪)। রাজস্থানের সফলতম বোলার ব্রিজেশ (২-৪৭)। তবে নজর কাড়লেন রবীন্দ্র জাদেজা (১-৩৪), যশ রাজ পুঞ্জা (১-৩৭)। বিশেষ করে জাড্ডু তো বাটলারকে ফিরিয়ে তাঁকে পকেটে পুরে ফেলার ভঙ্গি করেন। জোফ্রা আর্চার (০-৪৬), তুষার দেশপাণ্ডে (০-৫২) অবশ্য উইকেটহীন থাকলেন।
হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য রিয়ান পরাগ এদিন খেলেননি। পরিবর্তে রাজস্থানকে নেতৃত্ব দেন যশস্বী জয়সওয়াল। তবে ব্যাট হাতে বড়ো রান পেলেন না তিনি। বিপজ্জনক হয়ে ওঠার মুখে বৈভবকে (৩৬) ফেরান সিরাজ। বল হাতে মাত্র ৩৩ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন স্পিনার রশিদ খান।

সম্পর্কিত সংবাদ