Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়া কাপের মঞ্চেও ভারত-পাকিস্তান টেনশনের চোরাস্রোত

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং সিন্দুর অপারেশনের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে। কূটনৈতিক পর্যায়ে মুখ দেখাদেখি  পর্যন্ত নেই। এশিয়া কাপের আসরেও ফাটল স্পষ্ট।

এশিয়া কাপের মঞ্চেও ভারত-পাকিস্তান টেনশনের চোরাস্রোত
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

দুবাই: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং সিন্দুর অপারেশনের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে। কূটনৈতিক পর্যায়ে মুখ দেখাদেখি  পর্যন্ত নেই। এশিয়া কাপের আসরেও ফাটল স্পষ্ট। 

Advertisement

মঙ্গলবার দুবাইয়ে ছিল ক্যাপ্টেনস মিট। ট্রফির সঙ্গে ফটোশ্যুট। প্রেস কনফারেন্সে এক মঞ্চে আট দলের অধিনায়কের বসার ব্যবস্থা। ভারত-পাকিস্তানের ক্যাপ্টেনকে পাশাপাশি বসানো বা দাঁড় করানো হয়নি। সূর্যকুমার যাদব ও সলমন আঘার মাঝে ছিলেন আফগানিস্তানের রশিদ খান। একবারের জন্য করমর্দন করতেও দেখা যায়নি ভারত-পাক অধিনায়ককে। ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান মহারণ ঘিরে উত্তেজনার পারদ যে চড়ছে, এটাই যেন তার ইঙ্গিত। পিসিবি চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি ক্যাপ্টেনদের সঙ্গে মিট করেন। তবে আশ্চর্যজনকভাবে সবার আগে তিনি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন সূর্যর দিকে। সৌজন্যতা দেখাতে ভোলেননি ভারত অধিনায়কও। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল করেছে পিসিবি। তা নিয়েও বিতর্ক তুঙ্গে। তবে সূর্যর শরীরী ভাষা এবং কথায় এটা স্পষ্ট, পাকিস্তানকে হারানোই তাঁদের একমাত্র লক্ষ্য। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তারই মহড়া সেরে নিতে চায় ভারত।
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবেই অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়োজক দেশ আরব আমিরশাহি। শক্তির নিরিখে ডেভিড-গোলিয়াথের লড়াই। আসলে এই ম্যাচ গিলদের কাছে হতে চলেছে পাক বধের চূড়ান্ত প্রস্তুতি। বাইশগজে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই সীমান্ত পেরিয়ে উত্তেজনার লাভাস্রোত প্রবাহিত হওয়া। এবার নানা ঘটনার কারণে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব আরও বেশি। একটা সময় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের প্রবল দাবি উঠেছিল ভারত জুড়ে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত মেলায় দল পাঠিয়েছে বিসিসিআই। লক্ষ্য একটাই, সিন্দুর অপারেশনের মতো বাইশ গজেও পাক প্রতিরোধ গুঁড়িয়ে দেওয়া। তাই শক্তিশালী দল নিয়েই আসরে হাজির কোচ গৌতম গম্ভীর। শিবিরে কোনওরকম চোট সমস্যা নেই। ক্রিকেটাররা প্রত্যেকেই সেরা ছন্দে। ফলে প্রথম একাদশ চয়নে তাঁকে অনেকটাই ঘাম ঝরাতে হচ্ছে।
শুভমান গিল অনেকদিন পর টি-২০ স্কোয়াডে ফিরেছেন। তার ফলে ওপেনিং জুটিতে পরিবর্তন প্রত্যাশিত। সব ঠিক থাকলে বাঁ হাতি অভিষেক শর্মার সঙ্গে ইনিংসের সূচনা করবেন গিল। তাই সঞ্জু স্যামসনের জায়গা অনিশ্চিত। তবে তাঁকে দিয়ে ওপেন করিয়ে গিলকে তিনে নামানোর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দুরন্ত ফর্মে থাকা তিলক ভার্মাকে বসাতে হবে। কোচ গম্ভীর কি সেই পথে হাঁটবেন? গত কয়েকদিন দিন ভারতীয় দলের অনুশীলন দেখে মনে হয়েছে সঞ্জু নন, জিতেশ শর্মাই হয়তো উইকেটকিপিং করবেন। তবে টি-২০ ক্রিকেটে শেষ মুহূর্তেও সিদ্ধান্ত বদলে যেতে পারে। 
দুবাইয়ে এখন বেশ গরম। ফলে মন্থর হতে পারে পিচ। সুবিধা পাওয়ার সম্ভাবনা স্পিনারদের। তাই কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে অক্ষর প্যাটেলকে। আসলে কোচ গম্ভীরের লক্ষ্য, ব্যাটিং গভীরতা বাড়ানো। তাই তিনি অলরাউন্ডার খেলানোর উপর বাড়তি জোর দিচ্ছেন। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের সম্ভাবনাই বেশি। এমনকী শিবম দুবেকেও তৈরি রাখা হচ্ছে। 
এখন দেখার, পেস আক্রমণে যশপ্রীত বুমরাহর সঙ্গী কে হন? অর্শদীপকে ইংল্যান্ড সফরে কোনও সুযোগ দেওয়া হয়নি। আমিরশাহির বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। তবে হর্ষিত রানা গম্ভীরের খুবই কাছের। সেই অঙ্কে তিনিও খেলতে পারেন।
 ম্যাচ শুরু রাত ৮টায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।

সম্পর্কিত সংবাদ