Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে পাড়ায় পাড়ায় বসছে জায়ান্ট স্ক্রিন

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে পাড়ায় পাড়ায় বসছে জায়ান্ট স্ক্রিন
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ক্রিকেট জ্বরে কাঁপছে বহরমপুর। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার তোড়জোড় শুরু হয়েছে। জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। ফাইনালে জায়ান্ট স্ক্রিনের সামনে বসে রোহিত ব্রিগেডের জয়ের জন্য গলা ফাটাবেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

শহরের বিভিন্ন ক্লাব ও পাড়ায় ওইদিন খেলা দেখার পাশাপাশি পিকনিকের আয়োজনও করা হয়েছে। ক্লাবকর্তারা চাঁদা তুলে খাওয়াদাওয়া ও ফাইনাল দেখার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁরা জানালেন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড শক্ত টিম। লিগ পর্বে হারের বদলা নিতে মরিয়া হয়ে মাঠে নামবে তারা। স্নায়ুর চাপ কমাতেই পিকনিকের আয়োজন করা হয়েছে।
রবিবার ছুটির দিন দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামছে ভারত ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে এই মাঠেই হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ভারত। লাহোরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। রবিবার ফাইনাল ম্যাচ দেখতে টানটান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন বহরমপুরবাসী। 
শহরের বহু জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে খেলা দেখার আয়োজন করা হয়েছে। পরিস্থিতি এমনই যে, শহরে জায়ান্ট স্ক্রিনের অভাব দেখা দিয়েছে। অনেকেই জায়ান্ট স্ক্রিন ভাড়া করতে পারেননি। ফাইনাল ম্যাচের জন্য জায়ান্ট স্ক্রিনের ভাড়া ৫০০টাকা বেড়েছে।
বহরমপুর জাজ কোর্ট মোড়ে বড় জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। আয়োজকদের তরফে অপূর্ব কর্মকার বলেন, খেলাও হবে, খাওয়াদাওয়াও হবে। কয়েকশো দর্শকের একসঙ্গে খেলা দেখার ব্যবস্থা থাকছে। গঙ্গার ধারে বাবুজি পাঠাগারের কর্মকর্তারা জায়ান্ট স্ক্রিন লাগাচ্ছেন। 
ওই এলাকার বাসিন্দা নির্মল ধর বলেন, আমাদের এখানে দিনের আলোয় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা যাবে না। সূর্য ডুবলে বড় স্ক্রিনে খেলা দেখা শুরু হবে। এছাড়া, গোরাবাজার, মোহনের মোড়, খাগড়াবাজারের একাধিক জায়গায় ফাইনাল দেখার জন্য জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। রবিবার খেলা শেষে রাতের আকাশ আতশবাজির রোশনাইয়ে ভরে উঠবে বলেই সমর্থকদের আশা।

Advertisement
সম্পর্কিত সংবাদ