Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালের স্কুলে ফুড ফেস্টিভ্যাল ঘিরে উদ্দীপনা

ঘাটালের স্কুলে ফুড ফেস্টিভ্যাল ঘিরে উদ্দীপনা
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: শীতের মিঠে রোদে গায়ে মেখে পিঠেপুলি, পায়েস, ফুচকা, ঘুগনি থেকে শুরু করে নানারকম সুস্বাদু খাবার চেখে দেখতে মেতে উঠেছিল ঘাটাল শহরের বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা। সোমবার ছিল স্কুলের ফুড ফেস্টিভ্যাল। বিদ্যালয়ের অষ্টম থেকে একাদশ শ্রেণির ছাত্রীরা নিজেরা রান্না করে সাজিয়ে তুলেছিল স্টলগুলি। প্রধান শিক্ষিকা বীণা মান্না বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি ছাত্রীদের এমন উদ্যম সত্যিই অসাধারণ। ওদের উৎসাহ দেখে আমাদের খুব ভালো লাগছে।’
Advertisement
প্রধান শিক্ষিকার উদ্যোগেই ২০২৪ সাল থেকে ওই বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে। গতবছর খুব বেশি স্টল ছিল না। প্রধান শিক্ষিকা জানান, এবার ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। তাই স্কুলের মাঠেই খাদ্য মেলার আয়োজন করা হয়। এবার ছাত্রীরা ৩০টিরও বেশি স্টল দিয়েছিল।  
অষ্টম শ্রেণির রাজন্যা পাত্র ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে স্টলে বসেছিল, ওই ক্লাসের অর্ণা বেরা নিয়ে এসেছিল ভেজিটেবিল চপ, একাদশ শ্রেণির আঁখি মল্লিক বানিয়েছিল পায়েস। ওই ক্লাসেরই প্রিয়াঙ্কা বেরা রান্না করে নিয়ে এসেছিল বিরিয়ানি। বাংলার শিক্ষিকা মহাশ্বেতা দাস জানালেন, ছাত্রীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন সুস্বাদু খাবার নিয়ে স্টলে বসেছিল। ক্রেতা হিসেবে ছিলেন শিক্ষিকারা এবং অন্যান্য ছাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই প্রায় প্রত্যেকটি স্টলের খাবার শেষ হয়ে যায়।
বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি দীপক ঘোষাল বলেন, ফুড ফেস্টিভ্যাল শিক্ষার্থীদের স্বনির্ভরতা এবং সৃজনশীলতার দিকটি ফুটিয়ে তুলেছে। এদিনের প্রোগ্রাম থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রীরা প্রত্যেকেই উৎসাহ পেয়েছে।
সম্পর্কিত সংবাদ