সংবাদদাতা, ঘাটাল: রাতেও বাজার এলাকা থেকে আবর্জনা তুলছে ঘাটাল পুরসভা। কয়েক দিন ধরে পুরসভার পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, এতে বাজার এলাকাগুলি আরও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে বলে আমাদের বিশ্বাস। ঘাটাল পুরসভার মোট ১৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে প্রত্যেক দিন সাফাই কর্মীরা আবর্জনা তুলে নিয়ে যায়। শহরে দু’টি বড় সব্জি বাজার রয়েছে। একটি ১৬ নম্বর ওয়ার্ডে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার পাশে। অন্যটি শহরের ৪ নম্বর ওয়ার্ডের কুঠিবাজার এলাকায়। দু’টি বাজারে প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ বেচাকেনা করেন। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বাজার খোলা থাকে। ওই দু’টি বাজারে প্রতি ঘণ্টাতেই আবর্জনা জমে। চেয়ারম্যান বলেন, দিনে একবার সাফাই হওয়ায় বাজার এলাকাগুলি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকত। সেজন্যই পুরসভার পক্ষ থেকে আপাতত বাজার এলাকাগুলি থেকে সকালের পাশাপাশি রাতেও আবর্জনা তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুশি ব্যবসায়ীরা। ১৬ নম্বর ওয়ার্ডে সব্জি বিক্রেতা দাসপুরের মধু বেরা, শ্রীপুরের আনন্দ দোলই বলেন, সব্জি ছাড়াও মাছ ও মাংসের বর্জ পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াত। সারাদিনে দু’বার আবর্জনা সাফাই হওয়ায় ব্যবসায়ীদের সুবিধে হচ্ছে।



