Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালের বিদ্যুতের সমস্যা দূর করতে সাড়ে ন’কোটি ব্যয়ে নতুন সাব স্টেশন

ঘাটালের বিদ্যুতের সমস্যা দূর করতে সাড়ে ন’কোটি ব্যয়ে নতুন সাব স্টেশন
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: বিদ্যুতের সমস্যা দূর করতে ঘাটাল শহরের মধ্যেই একটি নতুন সাব স্টেশন তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশন ইঞ্জিনিয়ার এবং ডিভিশন ম্যানেজার বিশ্বদেব বিশ্বাস বলেন, ‘শহরের ১৭ নম্বর ওয়ার্ড বেলপুকুরে বিদ্যুৎ দপ্তর   ৩৩/১১ কেভিএ’র একটি সাব স্টেশন তৈরি করবে। দ্রুতগতিতে কাজ চলছে। মে-জুন মাস নাগাদ সাব স্টেশনটি চালু হয়ে যাবে। সাব স্টেশন তৈরি হলে ঘাটাল শহরে বন্যার সময়ে বিদ্যুতের যে সমস্যা হতো তা আর হবে না।’ প্রায় ন’কোটি টাকা ব্যয়ে সাবস্টেশনটি তৈরি হচ্ছে।
Advertisement
ঘাটাল পুরসভার মোট ১৭টি ওয়ার্ড। ওই ওয়ার্ডগুলির মধ্যে ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড রয়েছে শিলাবতী নদীর এক দিকে। অন্য দিকে রয়েছে ১৩ থেকে ১৭ নম্বর ওয়ার্ড। প্রত্যেক বছর বর্ষাকালে দু’-একদিন ভারী বৃষ্টি হলেই ওই ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা এবং শিলাবতী অন্য পাড়ের ১৩ নম্বর ওয়ার্ডের একাংশ প্লাবিত হয়ে যায়। শুধু তাই নয়, ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। ঘাটাল ব্লকের যে এলাকাটি প্লাবিত হয়ে যায়, সেই এলাকা তথা নির্মলবাজারে বিদ্যুৎ দপ্তরের একটি সাব স্টেশন রয়েছে। ওই সাব স্টেশন থেকেই ঘাটাল শহরের বিদ্যুৎ সরবরাহ করা হয়। যেহেতু পুরসভার বহু এলাকা নিচু, তাই স্বাভাবিক ভাবেই বিদ্যুতের খুঁটিগুলিও জলে ডুবে যায়। বহু বাড়ির একতলা ডুবে যায়। বন্যার সময় নৌকায় করে যাতায়াতের সময় বিদ্যুতের তারগুলি নৌকোয় ঠেকে যাওয়ার সম্ভাবনা থাকে।
সেজন্য ওয়ার্ডগুলিতে জল একটু বাড়লেই পুর এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ দেওয়া হয়। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে, ওই সময় দাসপুরের সুলতানগর সাবস্টেশন থেকে  বিদ্যুৎ ম্যানেজ করে  ঘাটাল শহরের হাসপাতাল, মহকুমা শাসকের কার্যালয় সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। শহর থেকে অনেকটা দূরে নির্মলবাজার সাব স্টেশন থাকায় অনেক সময় পর্যাপ্ত ভোল্টেজ নিয়েও সমস্যা হতো। ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, ‘সেজন্য আমরা অনেক দিন থেকে শহরে একটি সাব স্টেশন তৈরির দাবি করে আসছিলাম। সেটাই পূরণ হতে চলেছে।’ চেয়ারম্যান জানান, শহরের বেলপুকুরে ১৮ ডেসিমেল জায়গা বিদ্যুৎ দপ্তরকে দেওয়া হয়েছে।    
বিদ্যুৎ দপ্তর চাইছে, ওই সাব স্টেশন থেকে শহরের ১৩-১৭ নম্বর ওয়ার্ড সহ, ঘাটাল ব্লকের একাংশ এবং দাসপুর-১ ব্লকের একাংশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। শহরের বাকি ১২টি ওয়ার্ডের বিদ্যুৎ কানেকশন বর্তমানের মতো নির্মলবাজার সাব স্টেশন থেকেই দেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ