সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল উৎসব ও শিশুমেলায় থানার পুলিস যদি সহযোগিতা না করে, তাহলে কলকাতায় ডিজিকে জানানো হবে। ভার্চুয়াল একটি মিটিংয়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারীর(দেব) এই মন্তব্যকে ঘিরে মহকুমায় চর্চা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় মেলা নিয়ে এই মিটিং হয়। সেই মিটিংয়ে দেব কলকাতা থেকেই অংশগ্রহণ করেন। তাঁকে মেলার পুলিসি নিরাপত্তা নিয়ে জানতে চাওয়া হলে দেব সরাসরি বলেন, ঘাটালের পুলিস যদি মেলায় সহযোগিতা না করে তাহলে কলকাতায় ডিজিকে আমি বলব। একথা শুনেই ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের ক্লাব হাউসে উপস্থিত সবাই হাততালি দিয়ে ওঠেন। প্রসঙ্গত, ২৪ নভেম্বর দেব ঘাটালে শিশু মেলার মিটিং করতে এলে সেই মিটিংয়ের তাঁর নিরাপত্তার জন্য ঘাটাল থানার পক্ষ থেকে কোনও পুলিসি ব্যবস্থা করা হয়নি। মেলার রাস কার হাতে থাকবে, তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল মারপিট হয়। উভয়পক্ষের ১০জন জখম হন। সেই ঘটনার প্রেক্ষিতেই দেব সোমবার একথা বলেছেন বলে মনে করা হচ্ছে। যদিও দেবের এই বক্তব্য নিয়ে পুলিস আধিকারিকদের কোনও মন্তব্য পাওয়া যায়নি। পুলিসের এক আধিকারিক বলেন, ইস্যুটি বিতর্কিত। এনিয়ে কোনও মন্তব্য করা যাবে না।



