সংবাদদাতা, ঘাটাল: ২০১৪ সাল থেকে ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব)। পশ্চিম মেদিনীপুরের অন্যতম বড় মেলা ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা’য় তিনি এতদিন সরাসরি যুক্ত থাকেননি। এই প্রথম তিনি নিজেই ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা-২০২৫’ পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। আগামী বছরের শুরুতে হতে চলা ওই মেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি সামলাবেন।দেবের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, মেলা পরিচালনায় কে কোন পদে থাকবেন-তার একটি তালিকা তৈরি করে সাংসদ জেলা ও মহকুমা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন। এই মেলার পোশাকি নাম ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা’ হলেও সবাই শিশু মেলা নামেই চেনেন। প্রতি বছর ১৬ জানুয়ারি মেলা শুরু হয়। প্রথমদিকে সাতদিনের মেলা হতো। বছর দশেক ধরে ১০দিনের মেলা হচ্ছে। এবার শিশু মেলা ৩৬তম বর্ষে পা দিতে চলেছে। কয়েক কোটি টাকা ব্যয়ে শিশু মেলা অনুষ্ঠিত হয়। এতদিন মেলা কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘুরিয়ে-ফিরিয়ে একই মুখ দেখা যেত। এলাকায় যাঁরা ২৪ ঘণ্টা রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন, তাঁদেরই মেলা পরিচালনার বিষয়টি সাধারণ মানুষ ভালো চোখে দেখতেন না। এনিয়ে দেবের কাছেও বহু অভিযোগ গিয়েছে। তাই এবার দেব নিজে মেলা পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এতদিন যাঁরা মেলা কমিটির পদে থাকতেন, তাঁদের বাদ দিয়েই ৪৭জনের কমিটির খসড়া তৈরি করেছেন দেব। তাতে ঘাটালের মহকুমা শাসক, মহকুমা পুলিস আধিকারিক, ওসি, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের মতো ব্যক্তিদের রাখতে চেয়েছেন। দেবের ওই তালিকা প্রকাশিত হতেই খুশি ঘাটালের বাসিন্দারা।দুর্গাপুজোর পরই ঘাটাল মহকুমার মানুষ শিশুমেলার অপেক্ষায় থাকেন। তাই তাঁরা চান না, ওই মেলা একটি দলীয় কর্মসূচির রূপ ধারণ করুক। অরাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে পরিচালনা করলে মেলার গ্রহণযোগ্যতাও বাড়বে।



