সংবাদদাতা, ঘাটাল: ‘এলাকায় সন্দেহজনক কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই পুলিসকে খবর দিন।’ ঘাটাল থানার আলুই গ্রামের একটি বাড়ি থেকে দুষ্কৃতীদের অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তারের পরই পুলিস মহকুমার বাসিন্দাদের কাছে এমনই আবেদন রেখেছে। পুলিসের এক আধিকারিক বলেন, কোন এলাকায় সন্দেহজনকভাবে কারা ঘোরাঘুরি করছে সবসময় পুলিসের পক্ষে তা জানা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদেরই দায়িত্ব নিয়ে পুলিসকে খবর দিয়ে সহযোগিতা করতে হবে। তা না হলে এলাকারই বিপদ হতে পারে। পুলিস যদি সঠিক সময়ে আলুই গ্রামে গিয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করত তাহলে এই মহকুমাতেই হয়তো বড় ধরনের অপরাধের ঘটনা ঘটত। তাই সাধারণ মানুষকেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর মেদিনীপুর জেলা পুলিস অভিযান চালিয়ে ঘাটাল থানার আলুই গ্রাম থেকে ১৩ জন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, গ্যাস কাটার সহ নানা সামগ্রী উদ্ধার হয়। ধৃত ১৩ জনের মধ্যে একজনের বাড়ি ওই গ্রামেই এবং আর একজনের বাড়ি আলুইয়ের পাশের গ্রাম রাধানগরে। বাকিদের বাড়ি অন্য রাজ্যে। পুলিস জানতে পারে তারা রাসায়নিক সারের গুদাম ও ব্যাঙ্কে ডাকাতির ছক কষেছিল। তাই পুলিসের আবেদন, এলাকায় অপরিচিত কাউকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলেই যেন পুলিসকে খবর দেওয়া হয়। তাহলে পুলিস অপরাধের আগেই দুষ্কৃতীদের ধরতে পারবে। অনেকেরই অভিযোগ, থানায় কেউ কিছু জানালেই তার নাম গোপন থাকে না। থানা থেকেই ইনফরমারের নাম ও ঠিকানা প্রকাশ হয়ে যায়। তখন এলাকায় থাকতে সমস্যা হয়। গালিগালাজ শুনতে হয়। এর আগে চোলাই মদ উচ্ছেদের বিষয়ে পুলিসকে জানিয়ে অনেককে সমস্যায় পড়তে হয়েছে।



