Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে সেবায়নের উদ্যোগে পালিত যুব দিবস ও বিবেক চেতনা উৎসব

ঘাটালে সেবায়নের উদ্যোগে পালিত যুব দিবস ও বিবেক চেতনা উৎসব
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল শহরের ২ নম্বর ওয়ার্ড আড়গোড়া বিবেকানন্দ সেবায়ন এর উদ্যোগে সাড়ম্বরে জাতীয় যুব দিবস উদযাপন ও বিবেক চেতন উৎসব-২০২৫ পালিত হল। সেই সঙ্গে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী পালন করা হয়।  রবিবার সকালে গৈরিক পতাকা উত্তোলন, স্বামীজি বন্দনা ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সেবায়নের ২৪তম বর্ষের অনুষ্ঠানের সূচনা হয়। তারপর স্বামীজির প্রতিকৃতি সহ মহিলা নামসংকীর্তনের দল, ও প্যারেড টিমের বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে।
Advertisement
এদিন শহর পরিক্রমার পর চক্ষু, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইন্ডিয়ান মেডিক্যাল আসোসিয়েশনের কলকাতা শাখার ১৬ জন চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করেন। সেবায়নের সম্পাদক উদয়শঙ্কর সিংহরায় জানান, অন্যান্য বছরের মতো এবছরও এই দিনে দুঃস্থদের শীতবস্ত্র বিলি করা হয়। এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সফল ছাত্রছাত্রীদের বিবেক চেতনা স্মারক তুলে দেওয়া হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা এবং সারা বাংলা আমন্ত্রণমূলক পুরুষ ও মহিলাদের দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি, পুরসভার চেয়ারম্যান তথা সেবায়নের সভাপতি তুহিনকান্তি বেরা  প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেবায়নের সদস্যরা শুধুমাত্র বছরে এক দিন অনুষ্ঠান করেই তাদের কার্যকম শেষ করে না। বন্যার সময় ত্রাণ, এলাকার অসুস্থ মানুষদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা সহ সারা বছরই এলাকার নানা রকম সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন।
সেবায়নের সদস্য জগদীশ শাসমল জানান, ওই ওয়ার্ডের বাসিন্দা উমাশঙ্কর সিংহরায় শরীরচর্চা করতেন এবং ভালো আবৃত্তিকার ছিলেন। তিনিই ২০০২ সালে সেবায়নের সূচনা করেন। সেবায়ন স্বামীজির আদর্শ মতেই পরিচালিত হয়। তাই দেবদেবী নয়, সেবায়নের মধ্যে স্বামীজির বিশালাকার একটি মূর্তি রয়েছে। প্রত্যেক দিন ওই মূর্তির পুজো করা হয়। শরীর চর্চা করার জন্য সেবায়নের একটি জিমও রয়েছে। যেখানে সদস্যরা বিনামূল্যে জিমচর্চা করার সুযোগ পান। স্বামীজির আদর্শকে সামনে রেখে সারা বছর সেবায়ন নানা সমাজসেবা মূলক কাজ করে।
সম্পর্কিত সংবাদ