সংবাদদাতা, ঘাটাল: বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা এবং পাঠক্রম-সংক্রান্ত কার্যক্রমের উপর সমন্বয় তৈরি করতে বিশেষ ‘উদ্ভাবনী শিক্ষা উৎসবের’ (ইনোভোটিভ এডুকেশনাল ফেস্ট) আয়োজন করা হল। শনিবার ঘাটাল ব্লকের বরদা বাণীপীঠ স্কুলে ঘাটাল পশ্চিম চক্রের অন্তর্গত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলি ওই উৎসবে অংশগ্রহণ করে। এই শিক্ষা উৎসবটি ওই চক্রের বিদ্যালয় পরিদর্শক সুদীপ সাহার মস্তিষ্কপ্রসূত। তিনি বলেন, এক স্কুলের ছাত্রছাত্রীদের অ্যাক্টিভিটি অন্য স্কুল জানতে পারে না। তাই ওই উৎসবের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা তৈরি করা এবং শিক্ষণীয় উপাদান ও অন্যান্য উদ্ভাবনী ধারণার আদান-প্রদান ঘটানো। মোট ১৫টি বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক পড়ুয়া এই মেলায় অংশগ্রহণ করেছিল।
Advertisement
উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রম প্রদর্শিত হয়। দ্বিমাত্রিক চার্ট, ত্রিমাত্রিক মডেল, বিজ্ঞান প্রদর্শনী, চারুকলা ও কারুশিল্প, যোগব্যায়াম, আবৃত্তি, গান, নৃত্য এবং বিদ্যাসাগরের উপর বক্তব্য উপস্থাপনা সহ বেশ কিছু বিষয় স্কুলের পড়ুয়ারা উপস্থাপনা করে। এছাড়াও শিক্ষক শিক্ষণ উপকরণের নতুন ধারণাগুলি এখানে তুলে ধরা হয়।
আলুই হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা শম্পা পাল বলেন, এই ধরনের শিক্ষা মেলা পড়ুয়াদের সৃজনশীলতা বাড়াতে এবং পাঠক্রমের বাইরের বিষয়েও আগ্রহী হতে সাহায্য করবে। শুধু তাই নয়, এই উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষাক্ষেত্রকে এক নতুন মাত্রা দেবে বলেই মনে করা হচ্ছে।