সংবাদদাতা, ঘাটাল: স্মার্টফোনের যুগে ধীরে ধীরে খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পড়ুয়া ও যুবসমাজ। এই প্রবণতা রুখতে এবং মাঠমুখী করতে ঘাটাল পুরসভা ওয়ার্ড ভিত্তিক ফুটবল এবং ক্লাব ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে। রবিবার ঘাটাল শহরের ১৭ নম্বর ওয়ার্ডের কুশপাতা মাঠে ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়। পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের যুবকরা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং ওয়ার্ডের ক্লাবগুলি ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ক্রিকেটের খেলাগুলি বিদ্যাসাগার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। আর ফুটবল প্রতিযোগিতা কুশপাতা মাঠ ছাড়াও আরও দুটি মাঠে হবে। এক মাসেরও বেশি সময় ধরে চলবে ওই ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা। আগামী ৯ ফেব্রুয়ারি রবিবার ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Advertisement
তুহিনবাবু বলেন, যুবসমাজকে মাঠমুখী করা ও ফুটবলের প্রতি তাঁদের আগ্রহ বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। স্মার্টফোন এবং ডিজিটাল মাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে তাঁদের সরিয়ে আনার এটাই একমাত্র উপায় বলে মনে করি।



