Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ভিনরাজ্যের ১৩ দুষ্কৃতী গ্রেপ্তার

ঘাটালে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ভিনরাজ্যের ১৩ দুষ্কৃতী গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রবিবার অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ভিনরাজ্যের ১৩জন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মেদিনীপুর জেলা পুলিস। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শটার, ১০ রাউন্ড গুলি, গ্যাস কাটার সহ বেশকিছু সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুষ্কৃতীরা একটি রাসায়নিক সারের গুদাম, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির ছক কষেছিল। 
Advertisement
কলকাতার এসটিএফ সূত্রে পুলিস জানতে পারে ভিন রাজ্য থেকে আসা দুষ্কৃতীদের দল ঘাঁটি গেড়েছে ঘাটাল থানায় এলাকায়। খবর পাওয়ামাত্রই জেলার পুলিস সুপার ধৃতিমান সরকারের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী এলাকায় পৌঁছয়। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। গোপন সূত্রে পুলিস জানতে পারে, আলুই গ্রামে লুকিয়ে রয়েছে দুষ্কৃতীদের দলটি। পুলিস বাহিনী সেই গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। গ্রাম থেকে ১৩জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, পুলিসের চোখে ধুলো দিতে মূলত ট্রেন ও বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আলুই গ্রামে জড়ো হয়েছিল দুষ্কৃতীদের দলটি। বেশ কিছুদিন আগে থেকে তারা কলকাতায় আস্তানা গেড়েছিল বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিস। এই দলের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিস। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, একটি লরি ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল তারা। ধৃতদের মধ্যে একজন জেল ফেরত আসামীও রয়েছে। তার নাম রঞ্জিত দাস। ধৃতদের মধ্যে ছ’জনের বাড়ি বিহারের জামুই এলাকায়। একজনের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। ধৃতদের মধ্যে একজন পকসো কেসেরও আসামী। 
পুলিসের এক আধিকারিক জানান, ধৃত দুষ্কৃতীদের লাগাতার জেরা করা হচ্ছে। ভিনরাজ্যেও বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে তারা যুক্ত বলে অনুমান করা হচ্ছে। তারা কীভাবে এই জেলায় এল তা জানার চেষ্টা করা হচ্ছে। দুষ্কৃতীরা ডাকাতি করে হুগলি জেলার আরামবাগ হয়ে পালানোর পরিকল্পনা করেছিল। জেলার পুলিস সুপার বলেন, ১৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি মাঠে জড়ো হয়েছিল। তদন্ত শুরু হয়েছে। 
সম্পর্কিত সংবাদ