Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে নিকাশি খাল ভরাট করে বাড়ি, অভিযুক্ত তৃণমূল কর্মী

ঘাটালে নিকাশি খাল ভরাট করে বাড়ি, অভিযুক্ত তৃণমূল কর্মী
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: নিকাশি খালের একাংশ ভরাট করে বাড়ি তৈরি করছেন শাসকদলের কর্মী। ঘাটাল শহরের ১ নম্বর ওয়ার্ডে এই অভিযোগ উঠেছে। ওয়ার্ডের বাসিন্দারা সঙ্ঘবদ্ধ হয়ে পুরসভা ও প্রশাসনের নানা দপ্তরে দিলীপ মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু স্থানীয় কাউন্সিলার ও পুর কর্তৃপক্ষ বিষয়টি জানা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ায় তাঁরা ক্ষুব্ধ।
Advertisement
দিলীপবাবু অবশ্য বলেন, রায়ত জায়গার উপরই বাড়ি তৈরি করা হচ্ছে। কিছু মানুষ ঈর্ষার জেরে আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। 
ওই ওয়ার্ডের কাউন্সিলার ঝর্ণা পাখিরা দোলই বলেন, পুরসভা থেকে বাড়ির প্ল্যান মঞ্জুর করা হয়নি। নিকাশি খাল ভরাট করে বাড়ি তৈরির বিষয়ে আমরা আপত্তি জানিয়েছিলাম। কিন্তু দিলীপবাবু আমাদের কথা শোনেননি।
শুকচন্দ্রপুর ও রঘুনাথপুর এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। শুকচন্দ্রপুরের জলনিকাশির খালটি শীতলামন্দির থেকে কালীরদহ অবধি গিয়েছে। প্রায় দুই কিলোমিটার লম্বা ওই খাল এলাকার জলনিকাশির জন্য অপরিহার্য। সেইসঙ্গে খালের জল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকায় স্থানীয়রা সারা বছর নানা কাজে তা ব্যবহার করেন।
এলাকার বাসিন্দা মনোরঞ্জন দোলই, সন্তু দোলই, যোগেন্দ্রনাথ মহিষ সহ অন্যদের অভিযোগ, ৪০-৫০ ফুট চওড়া খালের বেশ কিছু অংশ মাটি দিয়ে ভরাট করে দিলীপবাবু বাড়ি তৈরি করছেন। আমরা এনিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছি। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।
পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, ১ নম্বর ওয়ার্ডে দিলীপ মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে পুরসভার নিকাশি খাল ভরাট করে বাড়ি তৈরির অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখছি। কোনও অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্রের খবর, তৃণমূল কর্মী দিলীপবাবু কাউন্সিলারের পরিবারের খুব ঘনিষ্ঠ। দলীয় কর্মী হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের একটি বড় অংশ মনে করছেন। ওই খালটি ভরাট করা হলে আগামী দিনে এলাকার সব মানুষেরই সমস্যা হবে। তাই বিষয়টি নিয়ে তৃণমূলের একাংশও ক্ষুব্ধ।
সম্পর্কিত সংবাদ