Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পোস্টারিং বিজেপির

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পোস্টারিং বিজেপির
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা। ফলে দীর্ঘ দিনের সমস্যা মিটতে চলেছে। তাতে ঘাটালের উচ্ছ্বসিত বাসিন্দারা দু’হাত তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন। কিন্তু, শনিবার থেকেই স্থানীয় বিজেপি নেতারা ঘাটালের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটাতে শুরু করেছেন। পোস্টারে লেখা হয়েছে, ‘মাস্টার প্ল্যানের ৫০০ কোটি, এবার ভাইরা হবে কোটিপতি’। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, বিজেপি নেতৃত্ব উন্মাদ হয়ে গিয়েছে। স্বাধীনতার পর থেকে যে কাজ হয়নি, তা হতে চলেছে। এতদিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে হবে বলে দাবি করত, এখন ওরাই বিরোধিতা করছে। আসলে বিজেপি মানুষের কথা ভাবে না। তবে, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেই বিজেপির অপপ্রচার বন্ধ হয়ে যাবে। ঘাটালের মানুষ বিজেপির অবস্থান ঠিক বুঝিয়ে দেবে। বন্যা ও ঘাটাল এই দু’টি শব্দ যেন সমার্থক। এই অভিশাপ থেকে মুক্তি কবে মিলবে, সেটাই ছিল ঘাটালবাসীর প্রশ্ন। স্বাধীনতার পর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুবার দাবি তোলা হলেও, কোনও কাজ হয়নি। শিলাবতী, ঝুমি ও কংসাবতী নদী দিয়ে বহু জল গড়িয়ে গেলে প্রকল্প কার্যকর হয়নি। প্রথমে কংগ্রেস, পরে সিপিএম এবং সর্বশেষ বিজেপি নেতৃত্ব ঢালাও প্রতিশ্রুতি দিলেও হয়নি। বরং ভোট এলেই তাঁরা ঘাটালবাসীর সামনে ঝুলিয়ে দিয়েছে মাস্টার প্ল্যানের গাজর। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখেই লড়াইয়ে নামে। এতে তাঁরা ফায়দাও তুলেছিল। ঘাটাল বিধানসভা থেকে জয়ী হন বিজেপির শীতল কপাট। কিন্তু তারপর? কোথায় কি! ২০২৪ সালের লোকসভা ভোটেও একই ফর্মুলা কাজে লাগানোর চেষ্টা করলেও ঘাটালের মানুষ ভরসা রাখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। প্রতিবছর বর্ষায় দুই মেদিনীপুরের ১৩টি ব্লকের ১৬৫০ বর্গ কিমি এলাকা প্লাবিত হয়। ফলে প্রায় ২০ লক্ষ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। তৃণমূলের অভিযোগ, বন্যা নিয়ে বিশেষ হেলদোল নেই বিজেপি নেতাদের। বরং তাঁরা ভোটের অঙ্ক কষতে ব্যস্ত। ঘাটালের সাংসদ দেব বারংবার বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দ্বারস্থ হলেও, পাত্তা দেয়নি। কিন্তু রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে মাঠে নামতেই বিজেপি অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ। বিজেপির কেউ কেউ বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। দ্রুত কাজ শুরু করে দেওয়ায় বিধানসভা নির্বাচনের ইস্যু পাওয়া কঠিন হবে। যদিও ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, এটা মাস্টার প্ল্যান নয়। এটা হচ্ছে ভোট প্ল্যান। তৃণমূল চাইছে মানুষের আইওয়াশ করতে। তাই ভোটের আগে এত পরিকল্পনা। কিন্তু মাস্টার প্ল্যান নিয়ে কোনও পরিকল্পনা নেই। প্রকল্পের প্ল্যানিং বলে কিছুই নেই। সবটাই ধাপ্পাবাজি। সেকথা মানুষের সামনে তুলে ধরব। বিজেপি নেতৃত্ব যাই দাবি করুক না কেন, বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ হতেই বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে আলোড়ন পড়েছে। তার প্রভাব ভোটে পড়বে কি না, সেটা সময়ই বলবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ