সংবাদদাতা, ঘাটাল: ঘাটালের মহকুমা শাসকের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করা হয়। ঘাটাল শহরের কুশপাতার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমেন উপাধ্যায় বিষয়টি বুঝতে পারায় প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার তিনি পুলিসকে বিষয়টি জানান। সৌমেন বলেন, যে ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ থেকে প্রতারণার চেষ্টা করা হয়েছিল, তা আমি পুলিসকে জানিয়েছি। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, ঘটনাটি শুনেছি। পুলিসকে ব্যবস্থা নেওয়ার জন্য বলব। মহকুমা শাসকের সংযোজন, এর আগেও তাঁর ছবি দিয়ে ফেক আইডি বানিয়েছিল প্রতারকরা। তিনি জানার পরই প্রত্যেক ক্ষেত্রে সচেতনতামূলক বার্তা দিয়েছেন। পুলিসকেও জানিয়েছেন। সৌমেন জানান, এদিন হঠাৎই মহকুমা শাসকের ছবি দেওয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি মেসেজ পান। তাঁর মোবাইল নম্বর চাওয়া হয়। মহকুমা শাসকের ছবি দেখে সৌমেন সাতপাঁচ না ভেবেই তাঁর নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেন। সৌমেন জানান, তারপরই শুরু হয় হোয়াটসঅ্যাপ চ্যাট। হোয়াটসঅ্যাপের ডিপিতেও মহকুমা শাসকের ছবি ছিল। প্রতারক নিজেকে ঘাটালের মহকুমা শাসক হিসেবে দাবি করে জানায়, তার এক পরিচিত সিআরপিএফ অফিসার। বদলি হওয়ার জন্য তার বন্ধু কয়েক লক্ষ টাকার আসবাবপত্র খুব কম দামে দিয়ে দেবে। এরপরই সন্তোষ কুমার নামে এক ব্যক্তি ফোন করে টাকা পাঠানোর কথা বলে। কিন্তু, আসবাবপত্রের ছবি দেখে আমার সন্দেহ হয়। ওই আসবাবপত্রগুলি পুরনো হলেও কম করে তিন-চার লক্ষ টাকা দাম হবে। কম দামে দেওয়া নিয়ে আমার মনে সন্দেহ হয়। বুঝতে পারি এটা প্রতারকদের কাজ। তারপরই বিষয়টি পুলিসকে জানাই।



