সংবাদদাতা, ঘাটাল: মাধ্যমিকের টেস্ট পরীক্ষার আগের দিনে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ঘাটাল থানার শ্রীপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল। ওই ছাত্রের নাম শুভজিৎ মোদক (১৬)। বাড়ি। সোমবার বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুভজিৎ ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। এই সপ্তাহেই তাঁর টেস্ট পরীক্ষায় বসার কথা ছিল। পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
রবিবার সন্ধ্যায় বাড়িতে পড়াশোনার জন্য বকাবকি করা হয়েছিল শুভজিতকে। তারপর থেকে সে খুব মনখারাপ করে বাড়িতেই ছিল। বাড়ির লোকেদের তিরস্কারের ঘটনাটি সে মেনে নিতে পারেনি বলেই হয়তো ওই সিদ্ধান্ত নিয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান। শুভজিতের ওই অকাল মৃত্যু মেনে নিতে পারেননি কেউই। শুভজিৎ ছোটবেলা থেকেই দাসপুর থানার রাজনগর ইউনিয়ন হাইস্কুলে পড়াশোনা করত। কিছু দিন হল সে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে ভর্তি হয়েছে। রাজনগর ইউনিয়ন হাইস্কুল এবং ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিরা জানান, শুভজিৎ পড়াশোনায় খুব ভালো ছিল। তাছাড়াও গান, আবৃত্তিও খুব ভালো করত। খেলাধুলোতেও ভালো ছিল। সব দিক দিয়ে এগিয়ে থাকা কিশোরটি এভাবে নিজেকে শেষ করে দেওয়ার বিষয়টি কেউই মেনে নিতে পারেননি।



