Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে মোবাইল হারানোয় মায়ের বকুনি, অভিমানে পালাল ছেলে

ঘাটালে মোবাইল হারানোয় মায়ের বকুনি, অভিমানে পালাল ছেলে
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: মোবাইল হারিয়ে ফেলায় জুটেছিল মায়ের বকুনি। তারই জেরে বাড়ি থেকে পালাল ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্র। বহু খোঁজাখুঁজির পর মাঝরাতে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূর থেকে ছাত্রটিকে উদ্ধার করতে স্বস্তি ফেরে পরিবারের। ছাত্রের ওই কীর্তি শুনে হতবাক অনেকেই। তাঁদের মন্তব্য, এখন সন্তানদের অন্যায় দেখলেও শাসন করা যায় না। পুলিস জানিয়েছে, ওই ছাত্রের বাড়ি ঘাটাল শহরের ১২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দিপুরে। রাত ১টা নাগাদ শহরের কুশপাতা এলাকা থেকে তাকে পাওয়া গিয়েছে।
Advertisement
রবিবার বিকেলে পকেটে একটি স্মার্ট ফোন নিয়ে খেলতে গিয়েছিল ওই ছাত্র। খেলার সময়ে ফোনটি হারিয়ে ফেলে। সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে জানায় ফোন হারানোর কথা। ছাত্রের মা বলেন, ‘ও গেম খেলার জন্য ফোনটা নিয়ে মাঠে গিয়েছিল। একটা স্মার্টফোনের প্রচুর দাম। তাই ফোন হারানোর কথা শুনেই আমার মাথা কাজ করছিল না। তখনই ছেলেকে কিছুক্ষণ বকাবকি করেছিলাম।’
বকাবকি করে মা বাড়ির কাজে মন দেন। ওই সুযোগে অভিমানী ছাত্রটি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। মা কাজ সেরে যখন ছেলের খোঁজ করেন তখন আর তাকে বাড়িতে পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে পুলিসে জানানো হয়। ছাত্রে ছবি সহ সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছিল। রাত ১২টা নাগাদ সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে একজন ছাত্রটির মাকে জানান, রাত ৯টা নাগাদ ছাত্রটিকে কুশপাতা বাসস্টপ এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। তখনই ছাত্রটির মা ও প্রতিবেশীরা কুশপাতা বাসস্টপে চলে আসেন। সেখানে বেশ কিছুক্ষণ খোঁজ চালিয়ে ছাত্রটির হদিশ পাওয়া যায়।কুশপাতা বাসস্টপে কোনও প্রতীক্ষালয় নেই। ছাত্রটি একটি বন্ধ দোকানের ছাউনির নীচে বসেছিল। সে বলে, ‘মায়ের কাছ থেকে ওই ধরনের বকুনি আমার ভালো লাগেনি। মনে খুব কষ্ট হয়েছিল। তাই বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম।’ হাতে টাকা ছিল না বলে খাওয়াও হয়নি। মাকে দেখতে পেয়ে অভিমান ভুলে মাকে জড়িয়ে কেঁদে ফেলে সে। মাও কান্না চেপে রাখতে পারেননি। পুলিসের মন্তব্য, হাতে টাকা ছিল না বলেই এ যাত্রায় রক্ষে পেয়েছে ওই পরিবার। ছাত্রটির হাতে টাকা থাকলে হয়তো বাসে চেপে অন্যত্রও চলে যেতে পারত। তখন খুঁজে পেতে সমস্যাও হতো। ছাত্রটির মা জানান, সোমবার সকালে ফোনটির জন্য অনলাইনে পুলিসের সাইবার বিভাগে অভিযোগ জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ