Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটাল বইমেলা থেকে ৭৫ লক্ষ টাকার বই বিক্রির টার্গেট মহকুমা প্রশাসনের

ঘাটাল বইমেলা থেকে ৭৫ লক্ষ টাকার বই বিক্রির টার্গেট মহকুমা প্রশাসনের
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল বইমেলা থেকে বই কেনার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হল। সম্প্রতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র ঘাটাল মহকুমার প্রত্যেকটি হাইস্কুলের প্রধান শিক্ষককের কাছে মৌখিকভাবে মেলা থেকে বই কেনার আবেদন জানিয়েছেন। মহকুমা শাসক বলেন, ‘ঘাটালের বইমেলা থেকে প্রত্যেকটি স্কুল এবং ক্লাব যদি পর্যাপ্ত পরিমাণে বই কেনে, তাহলে মোট কেনাকাটার পরিমাণ বাড়বে। বেশি পরিমাণ বই কেনা হলে পরবর্তী সময়ে এই সরকারি জেলা বইমেলা ঘাটাল মহকুমায় ফের হওয়ার সম্ভাবনা থাকবে। কম বই বেচাকেনা হলে আগামী দিনে এই মহকুমায় আর জেলা বইমেলা আর হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’
Advertisement
নিয়মমতো এবারের ২৩তম জেলা বইমেলা ঘাটাল মহকুমায় হওয়ার কথা থাকলেও প্রশাসন প্রথমের দিকে দু’টি কারণ দেখিয়ে জেলা বইমেলা ঘাটাল থেকে স্থানান্তরিত করে মেদিনীপুর শহরে করার সিদ্ধান্ত নেয়। প্রশাসন যে দু’টি কারণ দেখিয়েছিল, তার মধ্যে একটি ছিল, ঘাটাল বন্যাপ্রবণ এলাকা। দ্বিতীয় কারণটি হল, ঘাটাল মহকুমায় বইমেলা হলে বিক্রিবাটা কম হওয়ার আশঙ্কা। ঘাটাল থেকে বইমেলা স্থানান্তরিত হচ্ছে জেনেই ঘাটালের কবি, সাহিত্যিক. প্রাবন্ধিক, প্রকাশক এবং বইপ্রেমীরা আন্দোলন শুরু করেন। ধারাবাহিক আন্দোলন চলার ফলে শেষমেশ প্রশাসন ঘাটাল মহকুমার বইপ্রেমীদের আন্দোলনকে মান্যতা দেয়। অবশেষে ঘাটাল মহকুমাতেই এবার জেলা বইমেলা করার বিষয়টি সিলমোহর দেওয়া হয়।  
বইমেলা পরিচালনা করে পশ্চিম মেদিনীপুর জেলা গ্রন্থাগ্রার প্রশাসন। তারা অলিখিত একটি শর্ত আরোপ করে বলে, ঘাটালের বইমেলা থেকে কমপক্ষে ৭৫ লক্ষ টাকার বই বিক্রি না হলে আগামী দিনে এই মহকুমায় আর জেলা বইমেলা হবে না। জেলা গ্রন্থাগার আধিকারিক শেখ মহম্মদ সহিদুল্লা বলেন, ‘গতবারে জেলা বইমেলা হয়েছিল মেদিনীপুর শহরে। সেখানে প্রায় ৭০-৭৫ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। এবার সেই টার্গেট বাড়াতে হবে।’
শ্যামপদবাবু বলেন, ‘যেহেতু এই মহকুমাতে বইমেলা করার দাবিতে সবাই আন্দোলনে শামিল হয়েছিলেন। তাই আমরা চাইব সমস্ত স্তরের মানুষ প্রচুর পরিমাণে বই কিনে আগামী দিনে ঘাটালে ফের যাতে বইমেলা হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করবেন। সেই সঙ্গে মহকুমায় ১২০০’র বেশি প্রাথমিক ও হাইস্কুল রয়েছে। প্রত্যেকটি স্কুল যদি গড়ে পাঁচ হাজার টাকা করেও বই কেনে তাহলেও ৬০ লক্ষ টাকার বই বিক্রি হবে। সেই সঙ্গে গ্রন্থাগারগুলি রয়েছে। সেজন্যই আমরা স্কুলগুলিকে বই কেনার জন্য অনুরোধ করেছি।’  
সম্পর্কিত সংবাদ