সংবাদদাতা, ঘাটাল: মঙ্গলবার বইমেলা নিয়ে ঘাটালে আবার বিতর্ক শুরু হল। এদিন সরকারি বইমেলার মূল কমিটিতে তৃণমূলের ব্লক সভাপতিকে রাখায় বিতর্কের সৃষ্টি হয়েছে। গ্রন্থাগার প্রশাসন পরিচালিত জেলা বইমেলা এবার ঘাটালে হচ্ছে। এদিন বিকেলে মহকুমা শাসকের কার্যালয়ে বইমেলা কমিটি গঠন করা হয়। সেই কমিটির যুগ্ম সম্পাদকে পদে রাখা হয়েছে তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজিকে। নিয়ম মতো সরকারি কোনও মেলার কমিটিতে সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধি ছাড়া আর কাউকে রাখা হয় না।
ঘাটালের বিধায়ক তথা বিজেপি নেতা শীতল কপাট বলেন, বইমেলা কমিটিতে বিধায়ককে স্থান না দিয়ে তৃণমূলের ব্লক সভাপতিকে জায়গা দেওয়া হল। এটাই প্রমাণ করে, ওটা সাধারণের জনসাধারণের বইমেলা নয়। তৃণমূল পরিচালিত বইমেলা হচ্ছে।
জেলা গ্রন্থাগার আধিকারিক তথা মেলা কমিটির সম্পাদক শেখ মহম্মদ সহিদুল্লা বলেন, বই সম্বন্ধে আগ্রহ রয়েছে এমন ব্যক্তিকেই মেলা কমিটিতে রাখা যায়। সেজন্যই দিলীপবাবুকে ওই কমিটিতে রাখা হয়েছে। ঘাটাল আদালতের আইনজীবী রামকুমার দে’র প্রশ্ন, মহকুমায় যেখানে বহু অধ্যাপক, শিক্ষক, প্রাবন্ধিক, গবেষক রয়েছেন তাঁদের কমিটিতে না রেখে একটি রাজনৈতিক দলের ব্লক সভাপতিকেই বাছতে হল কেন? দিলীপবাবুকে তো কখনই গ্রন্থাগারে যেতে দেখা যায়নি।
প্রসঙ্গত, জেলা বইমেলা ১০ ডিসেম্বর থেকে বিদ্যাসাগর স্কুলের মাঠে হচ্ছে। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। মেলাকমিটির সভাপতি হয়েছেন জেলা শাসক খুরশিদ আলি কাদেরি, সহকারী সভাপতি হয়েছেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হেনাইয়া, সহকারী সভাপতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, সম্পাদক জেলা গ্রন্থাগার আধিকারিক। যুগ্ম সম্পাদক ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর এবং দিলীপবাবু।