সংবাদদাতা, মেদিনীপুর: আবাস যোজনায় কোনও গরিব মানুষ যেন প্রতারিত না হয়। এবিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের তরফে দলের নেতৃত্বকে সতর্ক করে দেওয়া হল। বুধবার পিংলায় দলের জেলা কমিটির বৈঠকে ভোটার তালিকা, শস্যবিমা ও আবাস যোজনা নিয়ে আলোচনা হয়। সেখানে জেলা নেতৃত্ব ছাড়াও দুই বিধায়ক অজিত মাইতি ও হুমায়ুন কবীর, সমস্ত ব্লক সভাপতি, শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।শাসকদলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, কিছুদিনের মধ্যেই উপভোক্তারা আবাস যোজনার টাকা পাবেন। কেউ যাতে অসুবিধায় না পড়েন-সেটা নেতৃত্বকে দেখতে বলা হয়েছে। তেমনি কেউ যাতে প্রতারিত না হয়, সেদিকেও নেতৃত্বকে কড়া নজর রাখতে হবে। নেতারা অসাধু কাজে যুক্ত হয়ে পড়লে তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সমস্ত নতুন ভোটারের কাছে নেতৃত্বকে পৌঁছতে হবে। তাঁদের ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি দেখার পাশাপাশি ওই নাগরিকদের মনে তৃণমূলের প্রতি আস্থা তৈরি করতে হবে। আশিসবাবু বলেন, আগে ভোটার তালিকার কাজে দলের নেতাকর্মীরা যেরকম গুরুত্ব দিতেন, এখন ততটা গুরুত্ব দিতে দেখা যাচ্ছে না। এবার ফের সেই দায়িত্ব পালনে গুরুত্ব দিতে হবে।



