Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, ৭ বছরের কারাদণ্ড

ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, ৭ বছরের কারাদণ্ড
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে সাত বছরের জেলের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। শনিবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু শূর ওই সাজা শোনান। ঘটনাটি ঘটে ২০১৭ সালের ১৫ আগস্ট। নির্যাতিতা ওই নাবালিকার বাড়ি বেলাকোবা এলাকায়। অভিযুক্ত নির্যাতিতার এক বান্ধবীর বন্ধু। ঘটনার পরদিন অর্থাৎ ২০১৭ সালের ১৬ আগস্ট জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। মামলার সরকার পক্ষের আইনজীবী দেবাশিস দত্ত বলেন, অভিযুক্তকে সাত বছর জেলের নির্দেশের পাশাপাশি তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন বিচারক। অনাদায়ে আরও দু’মাসের জেল। একইসঙ্গে নির্যাতিতা ওই নাবালিকাকে চার লক্ষ টাকা দিতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে। এনিয়ে চলতি মাসে জলপাইগুড়ি আদালতে পকসো মামলায় আটটি সাজা ঘোষণা হল।
Advertisement
মামলার সরকার পক্ষের আইনজীবী বলেন, ১৫ আগস্ট স্কুলে ফুটবল টুর্নামেন্ট ছিল। মেয়েটি খেলা দেখতে এসেছিল। সঙ্গে কয়েকজন বান্ধবী ছিল। তাদের মধ্যে একজন তার কিছু বন্ধুকে ডাকে। তারা বাইক নিয়ে এলে নির্যাতিতা ওই নাবালিকা সহ তার বান্ধবীরা ঘুরতে যায়। বোদাগঞ্জে ভ্রামরী দেবীর মন্দিরের দিকে ঘুরতে গিয়েছিল সবাই মিলে। সেখানে ছেলেগুলো মদ্যপান করে। এরপর বাইকে করে ফেরার সময় একটি নির্জন চা বাগান এলাকায় নিয়ে এসে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর বাজার এলাকায় ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে চলে যায় সে। বাড়ি ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করতে হয়। পরের দিন নাবালিকার মা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় নির্যাতিতা নাবালিকার বয়স ছিল ১৫ বছর। অভিযুক্ত যুবক বিবাহিত ছিল সেসময়।
সম্পর্কিত সংবাদ