Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘরের তালিকা থেকে নাম বাদ যাওয়ার জের, পঞ্চায়েতে ঢুকে প্রধানের স্বামী ও তৃণমূল নেতাকে মারধর, গ্রেপ্তার ৩  

ঘরের তালিকা থেকে নাম বাদ যাওয়ার জের, পঞ্চায়েতে ঢুকে প্রধানের স্বামী ও তৃণমূল নেতাকে মারধর, গ্রেপ্তার ৩
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আবাসের খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ায় গ্রাম পঞ্চায়েতে ঢুকে প্রধানের স্বামীকে হুমকি এবং পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর স্বামী তথা হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের আইএনটিটিইউসি’র ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠল। 
Advertisement
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে। থানায় অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল নেতা আব্বাস আলি।
তবে একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে দু’পক্ষ। মারধরের অভিযোগ উঠেছে তুলসীহাটা নয়াটোলা বুথের মহম্মদ সালাম, শেখ তালিম, মঞ্জুর আলি, মহম্মদ কালাম ও মেরাজ আলির বিরুদ্ধে। 
জানা গিয়েছে, সালামের ভাই কালামের পাকা বাড়ি থাকায় আবাস প্লাসের খসড়া তালিকা থেকে বাদ পড়ে যায়। এনিয়ে ক্ষোভে ফেটে পড়ে সালামের পরিবার। অভিযোগ, এদিন দুপুরে সালাম দলবল নিয়ে পঞ্চায়েতে ঢুকে পঞ্চায়েত প্রধান সুমা খাতুনের স্বামী দিল রোজকে হুমকি দেন। সেই সময় পঞ্চায়েতে ছিলেন পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী মেহবুবা খাতুনের স্বামী তথা তৃণমূল নেতা আব্বাস আলি। প্রতিবাদ করলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। পঞ্চায়েত অফিস চত্বরে এই মারধরে শোরগোল পড়ে যায়।
পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম তৃণমূল নেতা আব্বাস হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় ওই পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
আব্বাস বলেন, আধিকারিকরা সার্ভে করে অযোগ্যদের নাম বাদ দিয়েছেন। নাম বাদ যাওয়ায় প্রধান ও আমাকে দোষারোপ করছেন তাঁরা। 
অভিযুক্ত সালাম বলে, তৃণমূল নেতা আব্বাস কাটমানি দাবি করেছিলেন। টাকা দিইনি বলে আমার ভাইয়ের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন। তাই প্রধানকে  অভিযোগ জানাতে গিয়েছিলাম। আমরা কাউকে হুমকি দিইনি। উল্টে আব্বাস আমাদের উপর চড়াও হন।
পঞ্চায়েত প্রধান সোমা খাতুনের স্বামী দিল রোজ বলেন, তারা অভিযোগ জানাতে এসে আমাকে সরাসরি হুমকি দেয়। আব্বাস প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযোগ হয়েছে। তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ