Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘরের জন্য প্রতিদিন শয়ে শয়ে আবেদন জমা পড়ছে চোপড়ায়

ঘরের জন্য প্রতিদিন শয়ে শয়ে আবেদন জমা পড়ছে চোপড়ায়
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: আবাসের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরও ঘরের জন্য আবেদন চোপড়া বিডিও অফিসে। গত কয়েকদিন ধরে গ্রাম থেকে দলে দলে মহিলা, পুরুষ এসে ঘরের জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন। সোমবারও চার শতাধিক মানুষ বিডিও অফিসে আসেন। ঘরের জন্য আবেদনপত্র জমা দেন। তাঁদের অভিযোগ, যোগ্যরা আবাস থেকে বঞ্চিত। যাঁদের ঘর পাওয়ার কথা, তাঁরা পাচ্ছেন না। তাঁদের নাম তালিকায় নেই।
Advertisement
এদিন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও অফিসে আসেন আখতার হোসেন। অন্যদের মতো তিনিও ঘরের জন্য আবেদন করেন। তাঁর কথায়,  ঘর পাওয়ার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও তালিকায় আমার নাম নেই। তাই ফের আবেদনপত্র জমা দিলাম। 
ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গফিরউদ্দিন জানালেন, টিনের চালের ঘরে পরিবার নিয়ে থাকছি। আমাদের পাকা বাড়ি নেই। যাঁদের পাকা বাড়ি আছে, তাঁদের নাম তালিকায় রয়েছে। আমরা কেন বাড়ি পাব না? এদিন ঘরের জন্য নতুন করে আবেদন জমা দেওয়ার পর ক্ষোভ উগরে দেন গফিরউদ্দিন।  দাসপাড়ার বাসিন্দা গুলজার আলি বলেন, এর আগে তালিকায় নাম ওঠেনি। অনেকে নতুন করে আবেদন জমা দিচ্ছেন। তাই আমিও জমা দিলাম। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক জানান, বেশ কয়েকদিন ধরে মানুষজন এসে ঘরের জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন। বিষয়টি ওপরমহলে জানানো হবে। 
সম্পর্কিত সংবাদ