সংবাদদাতা, শীতলকুচি: আবাস যোজনার ঘরের দাবিতে বুধবার শীতলকুচি বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিশেষভাবে সক্ষমরা। তাঁরা বলেন, সম্প্রতি কোচবিহার জেলায় আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হয়েছে। কিন্তু সেখানে অনেক স্বচ্ছ্বল ব্যক্তির নাম থাকলেও কয়েকশো বিশেষভাবে সক্ষম আবেদনকারীর নাম নেই। এদিন বিক্ষোভ শেষে শীতলকুচি বিডিওকে একটি স্মারকলিপিও দেন তাঁরা। বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির শীতলকুচি ব্লক সভাপতি সাহিদুল ইসলাম বলেন, ব্লকের বহু বিশেষভাবে সক্ষম ব্যক্তি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। আবাস যোজনার সমীক্ষায় বেশিরভাগ বিশেষ চাহিদাসম্পন্নের নাম নেই। ব্লকের বিশেষভাবে সক্ষম কোনও ব্যক্তি যাতে বঞ্চিত না হন সেই দাবি নিয়েই বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভ ও স্মাকলিপির পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেও আমাদের দাবি তুলে ধরব। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিশেষভাবে সক্ষম যশোর আলি মিয়াঁ বলেন, আমি ভিক্ষাবৃত্তি করে দিনযাপন করছি। কিন্তু আবাস যোজনায় আমার নাম নেই। শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।



