Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘর পুড়ে গৃহহীন, ‘বাংলার বাড়ি’ প্রকল্পে নাম না থাকায় দিশাহীন শ্রমিক পরিবার

ঘর পুড়ে গৃহহীন, ‘বাংলার বাড়ি’ প্রকল্পে নাম না থাকায় দিশাহীন শ্রমিক পরিবার
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
শ্যামল পাল, বাগডোগরা: আগুনে পুড়েছে কাঠের বাড়ি। এখন গৃহহীন দুলাল মিশ্রের পরিবার। পাকা বাড়ি বানানোর আর্থিক সামর্থ্য নেই শ্রমিক দুলালের। এদিকে বাংলার বাড়ি-প্রকল্পেও নাম নেই। ফলে মাথার ছাদ হারিয়ে দুই সন্তান নিয়ে দিশেহারা এই দুঃস্থ দম্পতি। 
Advertisement
২২ ডিসেম্বর সন্ধ্যায় আপার বাগডোগরা বিবেকানন্দপল্লির বাসিন্দা গোপা মিশ্রের বাড়িতে আগুন লাগে। আসবাব সহ গোটা বাড়িই পুড়ে যায়। গোপার স্বামী দুলাল মিশ্র শ্রমিক। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কাঠের ঘরে মাথাগুঁজে ছিল পরিবারটি। গত মাসের অগ্নিকাণ্ডে পরিবারটি গৃহহীন। আশপাশের কাঁচা বাড়ির বাসিন্দাদের নাম বাংলার বাড়ি-প্রকল্পে থাকলেও মিশ্র দম্পতির নাম দেখে হতাশ হয়ে পড়েছেন। দম্পতি এদিন জানান, তাঁরা বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেছিলেন। তবে আধিকারিকরা পরিদর্শনে এসে পাকা শৌচালয় দেখে লিষ্ট থেকে তাদের নাম বাদ দিয়েছেন বলে জানতে পেরেছেন। গোপা বলেন, বাড়িতে মহিলা বলতে আমি ও আমার মেয়ে। তাই টাকা পয়সা জমিয়ে শৌচালয় বানিয়েছিলাম। গোপার শাশুড়ি বাসনা মিশ্র বলেন, দীর্ঘদিন ধরে এখানে রয়েছি। তবে কেন্দ্র বা রাজ্য কোনও প্রকল্পেই আমরা বাড়ি পেলাম না। প্রশাসন ব্যাপারটি দেখলে দুই সন্তান নিয়ে পরিবারটি স্থায়ী ছাদ পাবে। 
এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য আণবিক জোয়ারদার জানান, ঘটনার প্রথম দিন থেকে আমরা পরিবারের পাশে রয়েছি। তাদের কম্বল, বাসন ও খাবার সামগ্রী দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আপাতত একটি টিনের বাড়ি তৈরি করে দেওয়ার চেষ্টা করছি।
এবিষয়ে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা জানান, ঘটনার দিন গিয়েছিলাম। তাদের সবরকম সহায়তা করছি। আবাস তালিকায় পরিবারটির নাম আসেনি। তবে আমরা তাদের ফের সরকারি ঘরের জন্য আবেদন করতে বলেছি। এছাড়াও আমরা মহকুমা পরিষদ ও উপরমহলে এই ব্যাপারটি জানাবো।
সম্পর্কিত সংবাদ