Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘন কুয়াশায় সর্ষে গাছে ধসা রোগ, ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষিদের

ঘন কুয়াশায় সর্ষে গাছে ধসা রোগ, ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষিদের
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: প্রতিদিন সকালে ও সন্ধেতে ঘন কুয়াশার দাপটে সর্ষে গাছে লাগছে  ধসা রোগ। গাছের একাংশ সাদা হয়ে যাচ্ছে ও গাছ মাঝামাঝি থেকে ভেঙে পড়ছে। এমন ঘটনা নজরে আসছে তেহট্ট-১ ব্লকের বিভিন্ন এলাকায়। এই অবস্থায় আর্থিক ক্ষতির আশঙ্কায় মাথায়  হাত সর্ষে চাষিদের।
Advertisement
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, তেহট্ট -১ ও ২ ব্লকের একাধিক গ্রামে বিঘার পর বিঘা জমিতে চাষ হচ্ছে সর্ষে। তেহট্ট, বেতাই, ইলশামারি, রঘুনাথপুর, তারানগর, আশরফপুর, চকবিহারী, নতিপতা, রাধানগর, গোপীনাথপুর  সহ বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ জমিতে সর্ষে চাষ লক্ষ করা যায়। চাষিরা জানিয়েছেন, এই মরশুমে বৃষ্টি কম হওয়ায় মাঠের জমি আগেভাগে সর্ষে  চাষের উপযোগী হয়ে ওঠে। এই বছর পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন প্রজাতির সর্ষের চাষ হয়েছে, ফুল ফল সবই ভালোই ছিল। কিন্তু কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে গাছের কাণ্ডে পচন ধরছে। কোথাও সাদা হয়ে যাচ্ছে। 
চাষি দয়াল মণ্ডল, সামিরুল শেখ বা  অমল ঘোষেরা  বলেন, সর্ষে এখনও পুষ্ট হয়নি। কোনও জমিতে ফুল ধরছে, আবার কোথাও ফল আসতে শুরু করেছে। এরই মধ্যে কয়দিন থেকে লক্ষ্য করছি, সর্ষে গাছের মাঝামাঝি জায়গায় পচে গিয়ে ভেঙে পড়ছে। বিভিন্ন জায়গায় সাদা হয়ে গিয়েছে। ক্রমাগত এই গাছ ভাঙার ঘটনা বাড়ছে। এই ঘন সর্ষের খেতের মধ্যে ঢুকে রাসায়নিক ছড়ানো সম্ভব হচ্ছে না। যে কারণে  এই রোগের হাত থেকে গাছ বাঁচানোর কোনও উপায় খুঁজে পাচ্ছি না। আর কয়েকদিন এভাবে চললে অধিকাংশ গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা বলেন, ঘন কুয়াশার জন্য এই ধরনের রোগ হচ্ছে। আমরা ক্ষতির আশঙ্কা করছি। 
তেহট্ট ১ সহ কৃষি আধিকারিক আনন্দকুমার মিত্র বলেন, এই আবহাওয়ার জন্য সর্ষে গাছের কিছু অংশ সাদা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় পরিদর্শন করে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ফাংগিসাইট স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ