Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘন কুয়াশায় ঢাকা, বীরভূমে বাস ও ট্রেন চলাচলে দেরি

ঘন কুয়াশায় ঢাকা, বীরভূমে বাস ও ট্রেন চলাচলে দেরি
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: মঙ্গলবার অনেক বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকল বীরভূম জেলা। সকালে জেলার বিভিন্ন শহরে অনেক দেরিতে বাস চলাচল করে। কিছুটা দেরিতে চলেছে বিভিন্ন ট্রেন। জাতীয় ও রাজ্য সড়কে অনেক বেলা অবধি খুব ধীরগতিতে যানবাহন যাতায়াত করে। তবে বেলা বাড়ার পর কুয়াশা কেটে রোদ ওঠে।
Advertisement
সিউড়ি বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় তিনশো বেসরকারি বাস বিভিন্ন রুটে যাতায়াত করে। এদিন ঘন কুয়াশার কারণে অনেক বাস নির্দিষ্ট সময়ের তুলনায় দেরিতে ছেড়েছে। ঘন কুয়াশায় বাস চালাতেও সমস্যার পড়েন চালকরা। জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল আজিম বলেন, গত দু’দিন ধরে ঘন কুয়াশা রয়েছে। চালকদের সমস্যা হওয়ায় অনেক বাস সময়ের তুলনায় দেরিতে চলেছে। 
বীরভূম জেলার উপর দিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগের অন্যতম রেলপথ। এছাড়াও আসানসোল ডিভিশনের অণ্ডাল থেকে সাঁইথিয়াগামী একাধিক ট্রেন প্রতিদিন যাতায়াত করে। এদিন ঘন কুয়াশার কারণে বিভিন্ন লোকাল, এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেন আধ ঘণ্টা থেকে ৪৫মিনিট দেরিতে যাতায়াত করেছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এদিন সকালে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার, রামপুরহাট-অণ্ডাল মেমু, শতাব্দী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস সহ একাধিক ট্রেন ১৫- ৪৫ মিনিট দেরিতে রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি সহ একাধিক রুটে যাতায়াত করেছে। সাঁইথিয়া স্টেশনের এক আধিকারিক বলেন, ভোরবেলা ঘন কুয়াশার কারণে কিছু ট্রেন দেরিতে যাতায়াত করেছে। তবে কুয়াশা কেটে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
সম্পর্কিত সংবাদ