নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটে সাইকেল চুরি চক্রের পর্দা ফাঁস করল পুলিস। এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তারের পাশাপাশি পাঁচটি চোরাই সাইকেলও উদ্ধার করা হয়েছে বলে গোঘাট থানার পুলিস জানিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত কিছুদিন ধরে বদনগঞ্জ এলাকা থেকে অনেকের সাইকেল চুরি যাচ্ছিল। এনিয়ে পুলিসের কাছে অভিযোগ আসছিল। তার ভিত্তিতে বদনগঞ্জ বিট হাউসের পুলিস তদন্ত করে জানতে পারে গোঘাটের মাজডিহা এলাকায় ঘর ভাড়া নিয়ে এক ব্যক্তি রয়েছে। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকায়। পুলিস ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পাশাপাশি তার ভাড়া বাড়ি থেকেই পুলিস দু’টি সাইকেল উদ্ধার করে। তাকে পুলিস নিজেদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারসঙ্গে বদনগঞ্জ এলাকার আরও এক যুবক এই ঘটনায় যুক্ত রয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সন্তু হেঁস। পুলিসের এক আধিকারিক বলেন, ধৃত দুই অভিযুক্তকে একসঙ্গে জেরা করা হয়। সেইমতো বদনগঞ্জ এলাকায় তাদের লুকিয়ে রাখা জায়গা থেকে পাঁচটি চোরাই সাইকেল উদ্ধার করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত সাতটি সাইকেল উদ্ধার হয়েছে। ধৃত দু’জনকেই রবিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। পুলিসের অনুমান, বিভিন্ন এলাকা থেকে এই সাইকেলগুলি চুরি করা হয়েছিল। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় নজরদারিও চালানো হচ্ছে বলে পুলিস জানিয়েছে। চুরি যাওয়া সাইকেলগুলি ফেরানোর প্রক্রিয়া পুলিস শুরু করতে চলেছে।



