Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে পুলিস চেকিং এড়াতে গিয়ে বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, তুমুল বিক্ষোভ

গোঘাটে পুলিস চেকিং এড়াতে গিয়ে বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, তুমুল বিক্ষোভ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বেসরকারি বাসের সঙ্গে সংঘর্ষে বাইক চালকের মৃত্যু ঘিরে গোঘাটে ব্যাপক উত্তেজনা ছড়াল। সোমবার বিকেলে গোঘাটের বেলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। তার জেরে আরামবাগ-বাঁকুড়া রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে গোঘাট থানার পুলিস এলে তাদের ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পরে সেখানে গোঘাট থানার ওসি মধুসূদন পাল যান। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলেন। তারপর রাজ্য সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। বাসিন্দাদের অভিযোগ, আরামবাগ ও গোঘাট থানার সীমানা বেলি এলাকায় পুলিস যান বাহন চেকিং করে। তারসঙ্গে বিভিন্ন গাড়ি থেকে তোলাবাজিও করে। এদিনও দুর্ঘটনার সময় চেকিং করছিল পুলিস। কোতুলপুর থেকে আরামবাগের দিকে আসছিলেন ওই বাইক চালক। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইক চালক পুলিসের চেকিং দেখে বাইক ঘুরিয়ে নেন। সেই সময় আচমকা আরামবাগগামী যাত্রীবাহী বেসরকারি বাসের মুখোমুখি হয়ে পড়েন বাইক চালক। বাইক চালক দুর্ঘটনায় গুরুতর জখম হন। তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় অবশ্য জানা যায়নি। 
Advertisement
হুগলি গ্রামীণের পুলিস সুপার কামনাশিস সেন বলেন, ট্রাফিক পুলিসের চেকিং দেখে ওই বাইক চালক ঘুরে চলে যাওয়ার সময় দুর্ঘটনাটি হয় বলে আমাদের প্রাথমিক অনুমান। চেকিংয়ের টিমই হাসপাতালে নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারও যদি গাফিলতি থাকে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তোলাবাজির অভিযোগ ঠিক নয়। তবে তাও খতিয়ে দেখা হচ্ছে। 
স্থানীয় বাসিন্দা গদাধর সিংহরায়, কল্যাণী ঘোষ বলেন, এই এলাকায় পুলিস নিয়মিত চেকিংয়ের নামে তোলাবাজি করে। তার জেরেই এদিন দুর্ঘটনা ঘটেছে। জখম বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করার জন্য আরামবাগের পরিবর্তে কোতুলপুরের দিকে নিয়ে যাওয়া হয়। পুলিসের এমন আচরণের প্রতিবাদেই রাস্তা অবরোধ করা হয়। 
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, বিকেল থেকে রাত পর্যন্ত নো এন্ট্রি করার জন্য আমাদের যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তার উপরে লরিগুলি দাঁড়িয়ে থাকে বলে চলাচল করা যায় না। এব্যাপারে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পুলিস জানিয়েছে, চিকিৎসার জন্য জখম বাইক চালককে আরামবাগ মেডিক্যালেই নিয়ে যাওয়া হয়। কিন্তু, বাঁচানো যায়নি। তবে নো এন্ট্রি যাতে কিছুটা সরানো যায় সেইব্যাপারে পরিকল্পনা নেওয়া হচ্ছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।
সম্পর্কিত সংবাদ