Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে অ্যাসবেসটস ভেঙে মন্দিরে চুরি, চাঞ্চল্য

গোঘাটে অ্যাসবেসটস ভেঙে মন্দিরে চুরি, চাঞ্চল্য
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটে হনুমান মন্দিরের অ্যাসবেসটস ভেঙে প্রণামী বাক্স চুরির অভিযোগ উঠেছে। সোমবার সকালে গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের পশ্চিমপাড়া মোড়ের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মন্দিরটি রাঙামাটি মোড় থেকে পশ্চিমপাড়া যাওয়ার রাস্তার উপর রয়েছে। কয়েক বছর আগে স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে হনুমান মন্দিরটি স্থাপন করেন। এদিন সকালে মন্দিরে চুরির ঘটনা সামনে আসতে স্থানীয় বাসিন্দাদের একাংশ সেখানে ভিড় জমায়। খবর পেয়ে গোঘাট থানার পুলিস যায়। প্রণামী বাক্সতে প্রায় পাঁচ হাজার টাকা ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। পুলিস ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে, পশ্চিমপাড়া মোড়ে রাস্তার ধারেই রয়েছে হনুমান মন্দিরটি। অ্যাসবেসটসের ছাউনি ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। তারপর প্রণামী বাক্স নিয়ে তারা চম্পট দেয়। স্থানীয় বাসিন্দা অনিমেষ মালিক বলেন, এদিন সকালে এসে দেখলাম মন্দিরের প্রণামী বাক্স চুরি হয়ে গিয়েছে। প্রণামী বাক্সতে হাজার পাঁচেক টাকা ছিল। আমরা ঘটনার কথা পুলিসকে জানিয়েছি। আমরা চাই পুলিস দ্রুত ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করুক। পাশাপাশি চুরি যাওয়া টাকা উদ্ধার হোক। এভাবে মন্দিরে চুরি হবে আমরা ভাবতেই পারছি না। স্থানীয় বাসিন্দারা বলেন, দুষ্কৃতীরা নজর এড়াতে প্রথমে মন্দিরের আলোটি খুলে নেয়। তারপর প্রণামী বাক্স নিয়ে পালায়। প্রণামী বাক্সের টাকায় রান্না ঘর তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু, আচমকা চুরিতে হতবাক বাসিন্দারা। পুলিস তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।
Advertisement
সম্পর্কিত সংবাদ