নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটে চুরি যাওয়া বাইক উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে। এঘটনায় দু’জন দুষ্কৃতীকে গোঘাট থানার পুলিস গ্রেপ্তার করেছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ১৭ নভেম্বর গোঘাটের কৃষ্ণগঞ্জ মোড় থেকে একটি বাইক চুরি যায়। বাইকের মালিক গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায়, দুই ব্যক্তি বাইকটি নিয়ে যাচ্ছে। এরপর গোঘাট থানার পুলিস খবর পায়, গড়বেতা থানায় দু’জনকে কিছু বাইক সহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের ছবি সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলে যায়। এরপর সংশোধনাগারে গিয়ে তাদের জেরা করে গোঘাট থানার পুলিস। জিজ্ঞাসাবাদে তারা বাইক চুরির কথা স্বীকার করে। গোঘাট থানার পুলিস দু’জনকে নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিস জানিয়েছে, গড়বেতার কদমডিহা জঙ্গল থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফেরানোর ব্যবস্থা করা হবে।



