জার্মানি- ৬ : স্লোভাকিয়া- ০
নেদারল্যান্ডস- ৪ : লিথুয়ানিয়া- ০
জার্মানি- ৬ : স্লোভাকিয়া- ০
নেদারল্যান্ডস- ৪ : লিথুয়ানিয়া- ০
মিউনিখ ও আমস্টারডাম: শেষ দু’টি বিশ্বকাপের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। সেই ব্যর্থতা ঝেড়ে ২০২৬ সালে আবারও সাফল্যের সরণিতে হাঁটতে তৈরি জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা। তার জন্য প্রথম ধাপটা খুব সহজেই অতিক্রম করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার ঘরের মাঠে স্লোভাকিয়াকে হাফ ডজন গোলের মালা পরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হল জার্মানির। জোড়া গোলে ম্যাচের নায়ক লেরয় সানে। এছাড়া স্কোরশিটে নাম তোলেন নিক ওল্টমেড, সের্গে নাবরি, রিডি বাকু ও আসান ওয়েডাওগো। এই জয়ের সুবাদে গ্রুপ এ’তে ৬ ম্যাচে ১৫ পয়েন্টে বাছাই পর্বের অভিযান শেষ করল জার্মানি।
এই দল নিয়ে কি ২০২৬ বিশ্বকাপে স্বপ্ন দেখা সম্ভব? খুব একটা আশাবাদী দেখায়নি স্বয়ং লোথার ম্যাথাউজকে। গত রবিবার কলকাতায় এক ঝটিকা সফরে বর্তমান দল সম্পর্কে জার্মান কিংবদন্তির বিশ্লেষণ, ‘আমাদের দেশে প্রতিভার অভাব নেই। তবে বিশ্বকাপ জয়ের জন্য আরও পরিকল্পনার প্রয়োজন।’ জার্মান কোচ নাগেলসম্যান অবশ্য বিশ্বকাপে ভালো ফলের ব্যাপারে আশাবাদী। স্লোভাকিয়াকে দুরমুশ করার পর তিনি বলেন, ‘বাছাই পর্বের প্রথম ম্যাচে হারের পর অনেকে অনেক কথা বলেছিল। তবে আমরা কখনও বিশ্বাস হারাইনি। এবার লক্ষ্য বিশ্বকাপের আসরে এই ছন্দ ধরে রাখা। সামনে এখনও সাত মাস সময় রয়েছে।’
জার্মানির পাশাপাশি সোমবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নেদারল্যান্ডস। ঘরের মাঠ জোহান ক্রুয়েফ এরিনায় লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারাল রোনাল্ড কোম্যানের ছেলেরা। ম্যাচে ডাচদের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে তিজানি রেইডার্স, কোডি গাকপো, জাভি সিমোন্স ও ডোনেল মালেন। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ জি’তে শীর্ষে শেষ করল নেদারল্যান্ডস। আর সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পোল্যান্ড। ফলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে প্লে-অফ ম্যাচ খেলতে হবে রবার্ট লিওয়ানডস্কিদের।