Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিবিআই তদন্তে সাধারণ সম্মতি পুনর্বহাল

পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের জন্য সাধারণ সম্মতি পুনর্বহাল। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত সহজ হবে। বিস্তারিত পড়ুন।

সিবিআই তদন্তে সাধারণ সম্মতি পুনর্বহাল
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দীর্ঘ ৯ বছর পর সিবিআইকে রাজ্যজুড়ে তদন্ত পরিচালনার জন্য সাধারণ সম্মতি (জেনারেল কনসেন্ট) দেওয়া হয়েছে। সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনের ধারা ৬ অনুযায়ী সিবিআই তদন্তের ক্ষেত্রে এই সম্মতি পুনর্বহাল করা হল। তার ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার (পিএসইউ) কর্মী এবং তাঁদের সঙ্গে যুক্ত বেসরকারি ব্যক্তিদের বিরুদ্ধে থাকা অভিযোগের তদন্তে সিবিআই রাজ্যের সর্বত্র ক্ষমতা ও এক্তিয়ার প্রয়োগ করতে পারবে। এই অনুমোদন দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনের ৩ ধারার আওতাভুক্ত অপরাধ বা অপরাধের শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ শর্তও আরোপ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে হলে সিবিআইকে আগে রাজ্য সরকারের লিখিত অনুমতি নিতে হবে। অর্থাৎ রাজ্য সরকারি আধিকারিকদের ক্ষেত্রে পূর্বানুমতি ছাড়া তদন্ত করা যাবে না। নবান্ন আরও স্পষ্ট করেছে যে, অতীতে অন্যান্য অপরাধের ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া সাধারণ সম্মতি কিংবা মামলাভিত্তিক অনুমতিগুলিও বহাল থাকবে।

Advertisement

এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সংস্থা ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি বা অন্যান্য অভিযোগের তদন্তে প্রশাসনিক জটিলতা অনেকটাই কমবে। একইসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্যের অনুমতির বিধান বজায় থাকায় রাজ্যের প্রশাসনিক অধিকারও অক্ষুণ্ণ থাকবে। প্রশাসনিক ও রাজনৈতিক মহল এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কারণ এরাজ্যে সিবিআই তদন্তের প্রশ্ন দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্য সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়ে আসছে।

সম্পর্কিত সংবাদ