নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ার চোয়া পঞ্চায়েতের ট্যাংরামারিতে একটি বহুজাতিক সংস্থার গোডাউনে চুরি হয়েছে। ওই গোডাউনের সিমেন্টের দেওয়াল ভেঙে বেশ কিছু সামগ্রী, নগদ টাকা ও সিসি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। পঞ্চায়েত অফিসের কাছেই গোডাউনের পাকা দেওয়াল ভেঙে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, আগেকার দিনে মাটির বাড়ির দেওয়ালে সুড়ঙ্গ কেটে চুরি হতো। কিন্তু এখন সিমেন্টের প্লাস্টার খসিয়ে ইট ভেঙে ঘরের ভিতরে ঢোকা দীর্ঘ সময়ের কাজ। পুলিস আসবে না জেনেই দুষ্কৃতীরা এই কাজ করেছে। তাঁরা পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, থানার সামনে একটা মেলা চলছে। পুলিস এখন সেখানেই ব্যস্ত। আর এদিকে চোরেরা বহু সময় ধরে গোডাউনের দেওয়াল ভেঙে জিনিসপত্র চুরি করেছে। এটা খুবই আতঙ্কের বিষয়।



