সংবাদদাতা, বাগডোগরা: নারী ঘটিত অপরাধে লাগাম নেই। নাবালিকা থেকে বৃদ্ধা, বারবার শিকার হচ্ছে এই সামাজিক ব্যধির। কখনও শ্লীলতাহানি, কখনও নির্যাতন। কিছু কিছু ঘটনায় অভিযোগ খোদ স্বজনদের বিরুদ্ধেই। এই পরিস্থিতিতে ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে জানা জরুরি হয়ে পড়েছে। ছাত্রছাত্রীদের সেই পাঠ দিতেই কর্মশালা হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে। পড়ুয়ারাই এই ‘কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম’-এর উদ্যোক্তা। নাটকের মাধ্যমে ছাত্রীদের গুড টাচ-ব্যাড টাচ সম্পর্কে বোঝোনো হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ নূপুর দাস, আইকিউএসি ডিরেক্টর ডঃ রঞ্জিতা চক্রবর্তী, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের মহিলা সাব-ইনসপেক্টর সুনন্দা সোনার, বিভাগীয় প্রধান ডঃ বরুণ রায়। বিভাগীয় প্রধান ডঃ বরুণ রায় বলেন, নারী সুরক্ষা ও চেতনায় জোর দিতেই পড়ুয়ারা এই কর্মসূচি করেছে। বিভাগের নতুন পড়ুয়ারাও এই কর্মসূচিতে অংশ নেন।



