সংবাদদাতা, তেহট্ট: বেতাই-পলাশী রাজ্য সড়কের পাশে বিভিন্ন বড় গাছের শুকনো ডাল কাটতে শুরু করল পলাশীপাড়া থানার পুলিস। ওই সমস্ত গাছের ডাল পড়ে বিপদের আশঙ্কা থাকায় বনদপ্তরের অনুমতি নিয়ে সেগুলি কাটা শুরু হয়েছে। তেহট্ট-২ ব্লক প্রশাসন গাছের ডাল কাটতে পুলিসকে সহযোগিতা করছে।
Advertisement
পলাশীপাড়া বাসস্ট্যান্ড থেকে বিডিও অফিস পর্যন্ত রাজ্য সড়কের পাশে বিভিন্ন জায়গায় বড় বড় গাছ রয়েছে। সেসব গাছের নীচে দোকান, অটো ও টোটোর স্ট্যান্ড রয়েছে। কখনও কখনও শুকনো ডাল রাস্তার উপর ভেঙে পড়ে। পথচারী বা গাড়ির উপর সেই ডাল ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বেশ কয়েকবছর আগে বাসস্ট্যান্ড এলাকায় গাছের ডাল পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। ডাল পড়ে জখম হওয়ার ঘটনাও ঘটেছে। কাল বৈশাখীর আগে স্থানীয়রা প্রশাসনের কাছে এসব বিপজ্জনক ডাল কাটার আবেদন করেছিলেন। অনেক মানুষ ‘পুলিসের বন্ধু’ গ্রুপেও এনিয়ে আবেদন জানিয়েছিলেন। এই আবেদন দেখে পলাশীপাড়া থানার ওসি সুমিত ঘোষ ব্যবস্থা নিতে সচেষ্ট হন। তিনি বনদপ্তর সহ প্রশাসনের সমস্ত স্তরে অনুমতি নিয়ে শনিবার থেকে গাছের ডাল কাটা শুরু করেছেন। একমাস ধরে ছুটির দিনে এই শুকনো ডাল কাটা চলবে।



