Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাছকে ফোঁটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা

গাছকে ফোঁটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ঘরের গণ্ডির বাইরে ভাইফোঁটায় দেওয়া হল পরিবেশ রক্ষার বার্তা। শনিবার গাছকে ভাই হিসেবে ফোঁটা দেওয়ার বিরল দৃশ্যের সাক্ষী থাকল শান্তিপুর। দীপাবলীর সময় দূষণ নিয়ে সরব হয়েছিলেন পরিবেশপ্রেমীদের একাংশ। ভ্রাতৃদ্বিতীয়ার আগে গাছ বাঁচানোর বার্তা দিতে শান্তিপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অভিনব পদ্ধতি বেছে নিল। গাছ না বাঁচলে একদিন ধ্বংস হয়ে যাবে সমগ্র প্রাণীকূল। এই সত্য জেনেও দিন দিন বৃক্ষচ্ছেদন হয়ে চলেছে। যা পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি সভ্যতাকে সঙ্কটের মুখে দাঁড় করাচ্ছে। তাই উদ্ভিদের কাছে মানুষ ‘গাছশিকারী’ ছাড়া আর কী-ই বা হতে পারে? তবে গাছের সঙ্গে মানুষকে যদি পরিবারের বন্ধনে বেঁধে দেওয়া যায়-তাহলে হয়তো চেতনা ফিরতে পারে মানুষের। একথা ভেবেই শান্তিপুরের ওই স্বেচ্ছাসেবী সংগঠন গাছকে ফোঁটা দিয়ে অভিনব পদ্ধতিতে গাছ রক্ষার বার্তা দিয়েছে। এদিন শান্তিপুরের গলায় দড়ি বটতলায় বটবৃক্ষকে ফোঁটা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। সংগঠনের মহিলা সদস্যরা ওই গাছকে ফোঁটা দেন। সংগঠনের সদস্যদের পাশাপাশি এই অভিনব উদ্যোগে এলাকার প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিরা সামিল হন। শান্তিপুর  সাহিত্য পরিষদের সম্পাদক সুশান্ত মঠ বলেন, মানুষকে গাছ রক্ষার বিষয়ে সচেতন করতে এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
Advertisement
ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সঞ্জিত কাষ্ঠ বলেন, পরিবেশ রক্ষার জন্য আমরা বিভিন্ন সময় আক্রান্ত হয়েছি। কিন্তু তাতে দমে যাইনি। পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করতে গাছফোঁটার আয়োজন করা হচ্ছে। কয়েকমাস আগে এই সংগঠনের সদস্যরা গাছের গায়ে পেরেক পুঁতে পোস্টার লাগানোর প্রতিবাদে নামেন। তাঁরা এলাকার বেশ কয়েকটি গাছ থেকে এরকম পেরেক সরিয়ে দেন। তার মধ্যে একটি গাছ থেকেই তাঁরা প্রায় শতাধিক পেরেক উদ্ধার করেছিলেন। এবার তাঁরা গাছফোঁটার মাধ্যমে গাছ বাঁচানোর বার্তা দিলেন।
সম্পর্কিত সংবাদ