সংবাদদাতা বেলদা: গাছে উঠে ডাব পাড়তে গিয়ে পিছলে পড়ে পা ভেঙ্গে হাসপাতালে ভর্তি হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। আর সেখানেই পর্ষদের উদ্যোগে পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী। ঘটনায় জানা গিয়েছে, পরীক্ষার মাঝে রবিবার ছিল ছুটির দিন। আর সেই ছুটির দিনে বাড়ির গাছে ডাব পাড়তে নিজেই গাছে উঠেছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী। পা পিছলে নিচে পড়ে গিয়ে ভেঙে যায় ডান পা। বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যান বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়ে দেন, আঘাত গুরুতর। অপারেশনের প্রয়োজন রয়েছে। ফলে হাসপাতালের শয্যায় বসেই সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিল শিবা মাহালি। বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠের ছাত্র সে। তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল নারায়ণগড় আরআরসিএল উচ্চ শিক্ষা নিকেতনে। দুর্ঘটনার কথাটি স্কুল ও পরীক্ষাকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় পশ্চিম মেদিনীপুর জেলা মাধ্যমিক পরীক্ষার কনভেনার সুভাষ হাজরাকে। তিনি পর্ষদের সঙ্গে কথা বলে বেলদা প্রভাতী বিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্নপত্র ও খাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন হাসপাতালে। সেখানেই পরীক্ষা দেয় ছাত্রটি। আগামী কয়েকদিন সেখান থেকেই পরীক্ষা দিতে পারে ওই ছাত্রটি।



