সংবাদদাতা, আরামবাগ: গাছ কাটার টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে বিজেপির পঞ্চায়েত প্রধানকে মারধর করার অভিযোগ উঠল দলেরই অন্যগোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে খানাকুল থানার অন্তর্গত ঘোড়াদহ গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস জানিয়েছে, এই বিষয় নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।
Advertisement
পুলিস ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, খানাকুল থানার অন্তর্গত ধান্যঘরী গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত শসাখালি এলাকার ক্যানেল পাড়ের গাছ কাটার টেন্ডার নিয়ে বেশ কিছুদিন ধরেই গন্ডগোল চলছিল। এদিন দুপুরে পঞ্চায়েতে গাছ কাটার জন্য টেন্ডার ডাকা হয়। এই প্রসঙ্গে ওই পঞ্চায়েতের বিজেপি প্রধান কার্তিক ঘোড়া বলেন, আজ গাছ কাটার জন্য পঞ্চায়েতে টেন্ডার ডাকা হয়েছিল। সকাল সাড়ে ১১টার মধ্যে কেউ ডিসিআর জমা দেয়নি বলে আমরা ওই টেন্ডার ক্যানসেল করে দিই। আগামী দিনে নতুন করে টেন্ডার ডাকা হবে বলে জানানো হয়। সেই সময় আমাদের দলেরই কিছু দুষ্কৃতী বাইরে গন্ডগোল পাকাতে থাকে। তখন পুলিস আমাকে পঞ্চায়েত থেকে বের করে বাড়ি পৌঁছে দেয়। এরপর দুপুর ৩টের সময় আমি যখন বাড়িতে ভাত খাচ্ছিলাম, তখন কিছু দুষ্কৃতী আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে আমায় ব্যাপক মারধর করা হয়। সেই সময় আমার স্ত্রী বর্ণালি ঘোড়া আমাকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। আমি পুলিসকে খবর দিলে পুলিস আমায় উদ্ধার করে। আমার দলের লোকেদের হাতেই মার খেতে হচ্ছে এটা আমার কাছে খুবই লজ্জার বিষয়।



