সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের মুচিয়াতে গাছ কাটার প্রতিবাদ করায় এক বিশেষ চাহিদাসম্পন্ন বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। গত ৮ ডিসেম্বরের ঘটনা। বৃদ্ধের পায়ে চোট লাগে। তিনি পাশের ব্লকের বুলবুলচণ্ডী আর এন রায় হাসপাতালে চিকিৎসা করান। মঙ্গলবার টোটোয় চেপে মালদহ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। আক্রান্ত বৃদ্ধের স্ত্রীর দাবি, তিনি অসুস্থ। তাঁর স্বামী একজন বিশেষ চাহিদাসম্পন্ন। ৮ ডিসেম্বর তাঁদের জায়গা থেকে তিনটি গাছ প্রতিবেশীরা কেটে নিচ্ছিল। এনিয়ে প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। স্বামীকে প্রাণে মারার উদ্দেশ্যে ধারালো কিছু দিয়ে আঘাত করে। তাঁর ডান পায়ে লাঠি দিয়ে আঘাত করা হয়।
Advertisement
জখম বৃদ্ধ অখিল হালদার বলেন, আমার পায়ে সমস্যা রয়েছে। কোনও কাজ করতে পারি না। ওইদিন আমার জমি থেকে গাছ কাটতে বাধা দিয়েছিলাম। গাছ না কাটার জন্য হাতে পায়ে ধরে অনুরোধও করেছি। কিন্তু তারা মারধর করে। আমি সুবিচার চাই। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুপ্রিয়া হালদার সরকারের স্বামী জয়দেব সরকার বলেন, গাছ কাটা নিয়ে বচসা হয়েছে শুনেছি। কয়েকজন সেখানে গিয়েছিল। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন। তাঁকে এভাবে মারা ঠিক হয়নি। কী কারণে গণ্ডগোল তা জানি না। অপরপক্ষের কাছে জানতে হবে। বনদপ্তরের মালদহ রেঞ্জের অফিসার মণীন্দ্র কর্মকার বলেন, আমাদের কাছে গাছ কাটার খবর পৌঁছয়নি। থানায় যদি অভিযোগ হয় পুলিস তদন্ত করে দেখবে। যদিও প্রতিবেশী অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার জমিতে গাছ রয়েছে, সেই নিয়ে বচসা হয়। অভিযুক্তরা ঘটনার কথা অস্বীকার করেছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



