সংবাদদাতা শান্তিনিকেতন: বৃহস্পতিবার বিকেলে বোলপুরের বাহিরী গ্রামে বন্ধুদের সঙ্গে বাইকে করে ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কিশোরের। জানা গিয়েছে মৃত কিশোরের নাম অনীশ ঘোষ(১৬)। তার বাড়ি বোলপুর থানার গলুন্দি গ্রামে। শুক্রবার তার দেহের ময়নাতদন্ত হয় বোলপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনায় জখম হয়েছে মৃতের দুই বন্ধ। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিস জানিয়েছে, রাজ্যজুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হলেও অনেক ক্ষেত্রেই ট্রাফিক আইন মানছেন না বাইক আরোহীরা। যার মাসুল তাদের দিতে হচ্ছে জীবন দিয়ে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, অনীশের দুই বন্ধুর বাড়ি বাহিরী-পাঁচশোয়া পার্শ্ববর্তী গ্রামে। বৃহস্পতিবার অনীশের বাবার বাইক নিয়ে তিন বন্ধু ঘুরতে বেরিয়ে যায়। অনীশ বাইকের মাঝে বসেছিল। বাহিরী স্কুলের কাছে রাস্তার বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে বাইকটি। তিনজনই বাইক থেকে রাস্তার মধ্যে ছিটকে পড়ে। গুরুতর জখম অবস্থায় তাদের একটি বেসরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। অনীশের অবস্থার অবনতি হলে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু, সেখানে অনীশকে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাইক চালক কিশোরের দুটি পা ভেঙে গিয়েছে। পিছনে বসে থাকা কিশোরও জখম হয়েছে।



