Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গড়বেতার জঙ্গল থেকে জয়পুরে ঢুকল ৫৫টি হাতির দল, আলুখেতের দফারফা

গড়বেতার জঙ্গল থেকে জয়পুরে ঢুকল ৫৫টি হাতির দল, আলুখেতের দফারফা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: সোমবার ভোরে জয়পুরে ঢুকল ৫৫টি বুনো হাতির দল। এতে ক্ষতি হয়েছে আলুচাষের। অনেকেই সদ্য জমিতে আলু লাগিয়েছিলেন। এতগুলি হাতি যে সব আলু জমির উপর দিয়ে পেরিয়ে গিয়েছে, সেই জমির কার্যত দফারফা হয়ে গিয়েছে। আলু জমির নালা বন্ধ হওয়ায় সেচের সমস্যাও হবে। তাই চাষিরা পুনরায় নালা তৈরি করছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতির দলটি এদিন সকালে জয়পুরের শিবের ডাঙার জঙ্গলে আসে। সেখান থেকে আধকাটার জঙ্গলে আশ্রয় নেয়। 
Advertisement
বনদপ্তরের বিষ্ণুপুরের এডিএফও বীরেন শর্মা বলেন, পশ্চিম মেদিনীপুরের চমকাইতলা এলাকার দিক থেকে ৫৫টি হাতির দল জয়পুরে ঢুকেছে। বনকর্মীরা নজরে রেখেছেন। আসার পথে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি নিয়মঅনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা আবুবক্কর দালাল বলেন, চমকাইতলার দিক থেকে হাতির দলটি এদিন ভোরে জয়পুরের যাদবনগর এলাকায় ঢোকে। এলাকায় এখন জমিতে আলু লাগানো হয়েছে। ওই জমির উপর দিয়ে হাতির দল চলে যাওয়ায় জমির দফারফা হয়ে গিয়েছে। সদ্য অঙ্কুর হওয়া আলু পায়ে মাড়িয়ে দিয়েছে। জমিতে সেচের নালা বন্ধ হয়ে গিয়েছে। নতুন করে আবার নালা তৈরি করতে হবে। জানা গিয়েছে, পুজোর সময় জেলায় প্রায় ২৫টি হাতি অবস্থান করছিল। তারপর তারা পশ্চিম মেদিনীপুরের দিকে চলে যায়। প্রায় এক মাসের বেশি সময় ধরে বাঁকুড়া কার্যত হাতি শূন্য ছিল। হাতিদের করিডর এলাকার বাসিন্দারা কার্যত নিশ্চিন্তে ছিলেন। কিন্তু, সোমবার বড় হাতির দলটি জেলায় ঢুকে পড়ায় তাঁদের চিন্তা বেড়েছে। এই সময় মাঠে আলু, কুমড়ো, কপি সহ অন্যান্য শাক ও সব্জির চাষ রয়েছে। শীতের মরশুমি ফসলের উপর চাষিরা অনেকটাই নির্ভরশীল থাকেন। এতগুলি হাতি এলাকায় ঢুকে পড়ায় বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর হাতিদের করিডর এলাকার বাসিন্দারা চিন্তায় পড়েছেন। 
সম্পর্কিত সংবাদ