Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গড়বেতায় বসন্ত রায় জিউ মন্দিরে শিবরাত্রি মেলা ঘিরে আনন্দোৎসব

গড়বেতায় বসন্ত রায় জিউ মন্দিরে শিবরাত্রি মেলা ঘিরে আনন্দোৎসব
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, গড়বেতা: গড়বেতার রসকুণ্ডুতে বাবা বসন্ত রায় জিউ মন্দিরের শিবরাত্রি মেলা ঘিরে এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে। প্রায় ৭০০বছরের পুরনো এই মন্দিরে এবছরও শিবরাত্রিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। জেলার পাশাপাশি রাজ্যের নানা প্রান্ত থেকে ভক্তরা মন্দিরে এসেছেন।
Advertisement
বসন্ত রায় জিউ মন্দির পরিচালন কমিটির সদস্যরা জানান, ২৬ ফেব্রুয়ারি মেলার সূচনা হয়। মঙ্গলবার অবধি মেলা রয়েছে। এই মন্দিরে নিষ্ঠার সঙ্গে মহাদেবের আরাধনা করা হয়। সোমবার প্রায় ২০হাজার ভক্তের জন্য ভোগপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। মেলায় কয়েকশো স্টল বসেছে। এই কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও হরিনাম সংকীর্তন হয়েছে। তা মানুষের মন জয় করে নিয়েছে। এবছর গাজনে লক্ষাধিক মানুষের ভিড় হবে বলেও মন্দির কমিটি আশাবাদী। সেসময়ও নানা অনুষ্ঠান হবে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, জেলায় এই মেলা ও উৎসবের খ্যাতি রয়েছে। মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সর্বদা মানুষের পাশে থাকেন।
মন্দির কমিটির সম্পাদক সমীররঞ্জন বারিক ও সভাপতি বাদল দাস বলেন, সবার সহযোগিতা ছাড়া এত বড় মাপের মেলা ও উৎসব আয়োজন সম্ভব হতো না। সহযোগিতার জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জানাই। রসকুণ্ডুতে বাবা বসন্ত রায় জিউ মন্দির ঘিরে রোমহর্ষক কাহিনী রয়েছে। জনশ্রুতি অনুযায়ী, প্রায় ৭০০বছর আগে এখানকার এক ব্যক্তির গোরু মাঝেমধ্যেই উধাও হয়ে যেত। একদিন তিনি গোরু খুঁজতে জঙ্গলের কাছে এসে এক অভিনব দৃশ্য দেখতে পান। তিনি দেখেন, গোরুর বাঁট থেকে অনবরত দুধ বেরিয়ে যাচ্ছে। সেই দুধ একটি শিবলিঙ্গের উপর পড়ছে। ওই ব্যক্তি সামনে যেতেই শিবলিঙ্গটি মাটির ভিতরে ঢুকে যেতে থাকে। তখন অজ্ঞানতাবশত ওই ব্যক্তি শিবলিঙ্গের মাথায় কোনও কিছু দিয়ে আঘাত করেন। এর ফলে শিবলিঙ্গের মাথা কেটে যায়। এখন মন্দিরের গর্ভগৃহে সেই মাথা কাটা শিবলিঙ্গের আরাধনা করা হয়। মন্দির কমিটির কোষাধ্যক্ষ রাজীব ভুঁইয়া বলেন, মন্দির কমিটির তরফে বস্ত্রদান সহ নানা সমাজসেবামূলক কাজ করা হয়। করোনাকালে তাঁরা মানুষকে খাবার বিতরণ করেছিলেন। এলাকার বাসিন্দা পুরঞ্জয় দে বলেন, মন্দির কমিটির সদস্যরা সর্বদা মানুষের পাশে থাকেন। এই মন্দিরের সঙ্গে এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ