সংবাদদাতা, মানিকচক: শ্মশান চত্বরে নেই আলোর ব্যবস্থা। টর্চ জ্বালিয়ে মৃতদেহ সৎকার করছেন গ্রামবাসীরা। আলো না থাকায় ক্ষোভও উগরে দিচ্ছেন অনেকে। রতুয়া ২ ব্লকের গোবর্জনা শ্মশানের এই বেহাল দশার ভিডিও ভাইরাল হতেই ( ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) তৎপর ব্লক প্রশাসন। শ্মশান পরিদর্শন করে দ্রুত আলোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিডিও শেখর শেরপা। পুখুড়িয়া থানার গোবর্জনা কালী মন্দিরের পাশেই রয়েছে এই শ্মশান। পাশ দিয়ে বয়ে গিয়েছে কালিন্দী। পুখুড়িয়া, গোঁসাইপুর, আড়াইডাঙা সহ প্রায় ২০টি গ্রামের মানুষের ভরসা এই গোবর্জনা শ্মশান। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মৃতদেহ নিয়ে এসে শেষকৃত্য করা হয় এখানে। দিনে সমস্যা না হলেও রাতে এই শ্মশানে মৃতদেহ দাহ করতে এসে সমস্যায় পড়েন মানুষ। যেমনটা হয়েছে দু’দিন আগেই। আড়াইডাঙা হাটখোলার নমিতা ভগতের মৃতদেহ দাহ করতে আসেন তাঁর পরিজনরা। দাহ করতে করতে রাত হতেই সমস্যায় পড়েন তাঁরা। শ্মশান চত্বরে আলোর ব্যবস্থা না থাকায় শেষকৃত্য করতে দেরি হয় বলে অভিযোগ। অন্ধকারে সমস্যায় পড়েন তাঁরা। দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখান তারা। স্থানীয় বাসিন্দা দিলীপ রবিদাস বলেন, সেদিন অন্ধকারে শ্মশানে খুব সমস্যা হয়েছে। পাশের গ্রাম থেকে টর্চ এনে শেষকৃত্য করা হয়। ভিডিও ভাইরাল হতেই শ্মশান পরিদর্শন করেন বিডিও। আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েত প্রধানকে শ্মশানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেন। বিডিও শেখর শেরপা বলেন, শ্মশানের লাইটটি মেরামত করা হবে। সঙ্গে কিছু নতুন লাইটও লাগানো হবে।



