Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গের ক্যারিয়ারদের সহযোগিতায় জাল বিস্তারের চেষ্টা বিহারের সিন্ডিকেটের

গৌড়বঙ্গের ক্যারিয়ারদের সহযোগিতায় জাল বিস্তারের চেষ্টা বিহারের সিন্ডিকেটের
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাজারের থলে থেকে ল্যাপটপের ব্যাগ। কোমরের বেল্ট থেকে প্যান্টের গোপন পকেট। শিলিগুড়িতে এমন অভিনব কায়দায় পাচার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এমনকী, দেহের ভাঁজেও অস্ত্র লুকিয়ে রাখা হচ্ছে। পর পর কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে তদন্ত চালিয়ে এমন তথ্য পেয়েছে পুলিস। তাদের সন্দেহ, এখানে এরকম কায়দাতেই আগ্নেয়াস্ত্রের বেআইনি কারবার নিয়ন্ত্রণ হচ্ছে বিহার থেকে। সেখানকার আর্মস সিন্ডিকেট মালদহ ও দুই দিনাজপুরের ক্যারিয়ারদের মাধ্যমে শিলিগুড়িতে জাল বিস্তারের চেষ্টা করছে। এর মোকাবিলায় শহর ও গ্রাম সহ বিহার সীমানা সংলগ্ন রাস্তাগুলিতে নজরদারি বাড়িয়েছে পুলিস। শিলিগুড়ি পুলিস কমিশনারেটের এক অফিসার বলেন, বিভিন্ন কৌশলে এখানে আর্মসের কনসাইনমেন্ট হস্তান্তর হচ্ছে। পুলিস ও গোয়েন্দাদের নজর এড়াতেই ওই সব পন্থা অবলম্বন করছে পাচারকারীরা। তা রুখতে পুলিস সতর্ক রয়েছে। ইতিমধ্যে বেশকিছু বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে মাটিগাড়ার চামটা ব্রিজের কাছে দুই সন্দেহভাজনের কাছে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিস। বুধবার রাতে বাগডোগরায় এক বাইক আরোহীর কোমরে তল্লাশি চালিয়ে পুলিস একটি পাইপগান ও গুলি উদ্ধার করে। এর দু’সপ্তাহ আগে বাগডোগরার বিহার মোড়ে তিন ব্যক্তির ল্যাপটপের ব্যাগ থেকে উদ্ধার হয় নাইন এমএম পিস্তল ও ৩০ রাউন্ড গুলি। ঘটনাগুলি পর্যালোচনা করে পুলিস ও গোয়েন্দারা চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। পুলিস জানিয়েছে, ভৌগোলিক দিক থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে শিলিগুড়ি অন্যতম। এখান থেকে সড়ক পথে সহজেই পাহাড় এবং সমতলের অন্যান্য জেলায় পাড়ি দেওয়া সম্ভব। এমনকী, এখান থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহের ট্রেন যোগাযোগও ভালো। এমন প্রেক্ষাপটে পুলিস ও গোয়েন্দাদের নজর এড়াতে অভিনব কায়দায় আগ্নেয়াস্ত্রের কনসাইনমেন্ট পাচার চলছে। বাজের থলে, স্কুল ও ল্যাপটপের ব্যাগ, কোমরের বেল্ট, প্যান্টের গোপন পকেটে, বাইকের টুলবক্সে আগ্নেয়াস্ত্র ক্যারি করা হচ্ছে। এমনকী, উরুতে কিংবা পেটের সঙ্গে বেঁধেও পাচার হচ্ছে আর্মস। আর গুলি পাচার হচ্ছে পায়ের মোজা, প্যান্ট ও শার্টের চোরাপকেটে। 
Advertisement
ইদানিং শহরে আগ্নেয়াস্ত্রের কারবার চলছে রমরমিয়ে। মাটিগাড়া ও বাগডোগরার পর মঙ্গলবার গভীর রাতে উদ্ধার হয়েছে আরও দু’টি পাইপগান। যারমধ্যে ভক্তিনগর থানার পুলিস পিসি মিত্তাল বাসস্ট্যান্ডের কাছে দুষ্কৃতীদের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। আরএকটি পাইপগান ও এক রাউন্ড গুলি ফুলবাড়ির মহানন্দা ব্রিজের কাছে দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার করেছে এনজেপি থানার পুলিস। এনিয়ে দু’সপ্তাহের মধ্যে সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মূলত বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি এখানে আসছে। যা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের ক্যারিয়ারদের মাধ্যমে অস্ত্রগুলি এখানে পাঠানো হচ্ছে। মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্য বলেন, আর্মসের বেআইনি কারবার রুখতে সতর্ক রয়েছি।  নজরদারি বাড়ানো হয়েছে। 
সম্পর্কিত সংবাদ