নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দিনে গরম, রাতে ঠান্ডা থাকলেও। বেড়ে যাচ্ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা। খুব একটা নিম্নমুখী হচ্ছিল না, রাতের সর্বনিম্ন তাপমাত্রাও। আবহাওয়ার খামখেয়ালিপনায় মাঝে কয়েকদিন এভাবেই পৌষের ঠান্ডার রেশ কার্যত কেটে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার থেকে পাহাড়ে বৃষ্টির জেরে ফের আবহাওয়ার পরিবর্তন হল। কনকনে ঠান্ডা ফিরে এল গৌড়বঙ্গজুড়ে। মঙ্গলবার সন্ধ্যে থেকে হিম শীতল ঠান্ডা হওয়ায় রীতিমতো কাঁপুনি ধরালো উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের শরীরে। সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস আজ, বুধবার ও বৃহস্পতিবার কনকনে শীত অনুভূত হবে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে। একই অবস্থা থাকবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও। সিকিম আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞ আবহাওয়াবিদ গোপীনাথ রাহা বলেন, পশ্চিমী ঝঞ্ঝার জন্য মাঝে কয়েকদিন কনকনে শীতের আবহ কেটে গিয়েছিল। গৌড়বঙ্গের উত্তর দিনাজপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে গিয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে এসেছিল। কিন্তু মঙ্গলবার বিকেল থেকে সেই পরিস্থিতি উধাও। কারণ উত্তরের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। যার প্রভাব গৌড়বঙ্গ জুড়েই অনুভূত হবে।



