Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গে শীতলতম বালুরঘাট পারদ নামল ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে

গৌড়বঙ্গে শীতলতম বালুরঘাট পারদ নামল ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ, সংবাদদাতা পতিরাম: বছরের শুরু থেকেই শীতের দাপটে কার্যত জবুথবু গৌড়বঙ্গ। বৃহস্পতিবারও পুরোমাত্রায় বজায় থাকল ঠান্ডার রেশ। এদিন বালুরঘাট আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গৌড়বঙ্গে শীতলতম ছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে দার্জিলিং, কালিম্পংয়ের  পর সমতল এলাকার মধ্যে তৃতীয় স্থানে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা। সেখানে বৃহস্পতিবার তাপমাত্রা নেমে দাঁড়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা এই মরশুমে জেলার শীতলতম দিন। একইভাবে পারদ নেমে গিয়েছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। পারদ নিম্নগামী মালদহেও। সেখানে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। 
Advertisement
এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গত চারদিনে চার ডিগ্রি তাপমাত্রা নেমেছে এই জেলায়। মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী,আরও কমতে পারে এই তাপমাত্রা। গত সোমবার অর্থাৎ ৩০ তারিখে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেটা হয় ১১ ডিগ্রি। পয়লা জানুয়ারি তথা বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ এবং বৃহস্পতিবার তাপমাত্রা নেমে হয় ৯.৩ ডিগ্রি। ফলে গত চারদিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডায় কাঁপতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা। বৃহস্পতিবার সকালে ব্যাপক ঠান্ডায় সমস্যায় পড়ে বৃদ্ধ এবং কচিকাঁচারা। বৃহস্পতিবার থেকে নতুন শিক্ষাবর্ষে প্রথম স্কুল শুরু হয়েছে। ফলে পড়ুয়ারা স্কুলে যাওয়ার ক্ষেত্রে বেশি সমস্যায় পড়ে। তবে দুপুরে রোদ থাকায় কিছুটা স্বস্তি পান সাধারণ মানুষ। আবার সন্ধ্যা হতেই ফের তাপমাত্রা কমে ব্যাপক ঠান্ডা পড়ে। মাঝিয়ান কেন্দ্রের পর্যবেক্ষক সুমন সূত্রধর বলেন, আজ মরশুমের শীতলতম দিন ছিল। এই তাপমাত্রা আরও কমবে কয়েকদিনে।
সিকিম আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ গোপীনাথ রাহা বলেন, গত মঙ্গলবার ও বুধবারের মতো বৃহস্পতিবারও কনকনে ঠান্ডা বজায় ছিল। সার্বিকভাবে আজ, শুক্রবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের দাপট থাকবে। শনিবার থেকে দিনে ঠান্ডার রেশ কিছুটা কমবে। রাতের দিকে ঠান্ডা যেমন আছে, একই থাকবে। সঙ্গে কুয়াশার দাপট থাকবে শুক্রবারও।
সম্পর্কিত সংবাদ