‘কুলি নম্বর ১’, ‘ভাগম ভাগ’ সহ একাধিক ছবিতে গোবিন্দার অভিনয় মুগ্ধ করেছে অনুরাগীদের। এবার বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তাঁর পুত্র যশবর্ধন আহুজা। বাবার পথে হেঁটে তিনিও লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হতে চলেছেন। ২০২৫ সালেই তাঁর ডেবিউ হবে। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সাই রাজেশের হাত ধরে প্রথম ছবিতে অভিনয় করবেন যশবর্ধন। শোনা যাচ্ছে, ছবিটি রোমান্টিক ঘরানার। তবে ‘স্বজনপোষণ’ নয়, নিজের যোগ্যতায় অডিশন দিয়ে এই চরিত্রটি পেয়েছেন গোবিন্দপুত্র। তাঁর বিপরীতেও কোনও নতুন মুখকে দেখবেন দর্শক। এর জন্য দেশজুড়ে প্রায় ১৪ হাজার অডিশন নেওয়া হয়েছে বলে খবর। শীঘ্রই মুখ্য চরিত্রাভিনেত্রীর নাম জানানো হবে। আগামী বছর গ্রীষ্মে শ্যুটিং শুরুর কথা। সে বছরই শেষের দিকে মুক্তি পেতে পারে ছবিটি।



