সংবাদদাতা, গঙ্গারামপুর: অবৈধ ভেটেনারি ওষুধের গাড়ি ধরলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা। দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকায় হাতুড়ে পশু চিকিৎসকদের কাছে পৌঁছে যাচ্ছিল এসব অবৈধ ভেটেনারি ওষুধ। পুরো বিষয়ের উপরেই সজাগ নজরদারি চালাচ্ছে জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। শুক্রবার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় গবাদিপশুর কৃত্রিম প্রজননের বীজ সহ একটি ছোটগাড়ি আটক করেন বংশীহারি ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা। খবর পৌঁছে যায় দপ্তরের ব্লক আধিকারিক সুমন কুমার সাহার কাছে। তিনি ওই ওষুধ বিক্রেতার কাছে ভেটেনারি ওষুধের নথি দেখতে চান। কিন্তু ওষুধ বিক্রেতা কিছুই দেখাতে পারেনি বলে অভিযোগ।
Advertisement
এরপর দপ্তরের আধিকারিক বংশীহারি থানায় বিষয়টি জানালে পুলিস ছোট গাড়ি সহ ভেটেনারি ওষুধের কন্টেনার থানায় নিয়ে যায়। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জেলায় অবৈধ ভেটেনারি ওষুধের রমরমা ব্যবসা চলছে। এমন ওষুধ ভিনরাজ্য ও জেলা থেকে এজেলায় আসছে। প্রাণিসম্পদ দপ্তরের তরফে কৃত্রিম প্রজননের জন্য শঙ্কর জাতের বীজ বিনামূল্যে দেওয়া হয়। দপ্তরের আশঙ্কা, অসাধু ব্যবসায়ীদের বিক্রি করা অবৈধ ওষুধের মাধ্যমে প্রাণীর শরীর থেকে ভাইরাস ও জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। বংশীহারি ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক সুমন কুমার সাহা বলেন, অবৈধ ভেটেনারি ওষুধ বিক্রির চক্র চাঁচলে ধরা পড়ে। তারপর থেকেই আমরা সজাগ আছি। বংশীহারি থানার আইসি অসীম গোপ বলেন, দপ্তর এখনও লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি খোঁজ খবর করে দেখা হচ্ছে।



